ঢাকা, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দুর্নাম কী কখনো সুনামের সম্ভাবনাও জাগাতে পারে? উত্তরদাতার মাথায় টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট আর বাংলাদেশের ব্যাটসম্যানরা থাকলে নেতিবাচক জবাব দেওয়ার আগে দ্বিতীয়বার ভাববেন নিশ্চিত। টেস্ট ক্রিকেট কিংবা ওয়ানডে, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বিশেষজ্ঞরা গেয়েছেন সেই এক বদনাম, "ওরা বেশি বেশি স্ট্রোক খেলতে চায়।" কিন্তু স্ট্রোকের বল্গা ছোটানোকে আবার ভীষণ সমর্থন করে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট। সেটারই বিশ্বকাপ আগামী মাসে দক্ষিন আফ্রিকায়। আর বাংলাদেশ দলেও আছেন স্ট্রোক প্লে'র প্রদর্শনী করতে জানা বেশ কজন ব্যাটসম্যান। সোমবার ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপকে সামনে রেখে ব্যাট-বলের অনুশীলন শুরুর দিনে তাই বাংলাদেশের দুর্নামকে সুনামে পরিণত করার সম্ভাবনা নিয়ে আলোচনা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর থেকে বিকেল অবদি ইনডোর এবং সেন্ট্রাল উইকেটে নেট ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। অনুশীলনের ফাঁকে ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এসে সুনামের সম্ভাবনার পালে হাওয়াও দিয়ে গেলেন তামিম ইকবাল এবং ওপেনিংয়ে তার নতুন পার্টনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। বিশ্বকাপে 'ভারত বধ' এর নায়ক তামিম পরিস্থিতির দাবি মেনে স্বভাবসুলভ বিধ্বংসী রুপ আর দেখাতে পারেননি তেমন একটা। কোচ শন উইলিয়ামসের ভাষায় 'শর্ট টাইম গেম' নিয়ে কথা বলতে এসে তার চোখেমুখে খেলে গেল আনন্দের ঝিলিকই, "টুয়েন্টি টুয়েন্টিতে প্রথম বল থেকেই স্কোর করতে হয়। এবার ইচ্ছেমতো খেলতে পারবো।"
বাংলাদেশে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান জুনায়েদকে তো এধরনের ক্রিকেটের জন্য বিশেষজ্ঞই ধরা হয়। এজন্যই তিনি প্রথমবারের মতো বাংলাদেশ দলে। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য শুধু গায়ের জোরে মারাটাকেই জুনায়েদের একমাত্র ক্ষমতা বলে মনে করেন না, "খেয়াল করলে দেখবেন, জুনায়েদ উইকেটের সবদিকেই মারতে পারে। এবং ক্রস খেলে না।" জুনায়েদ নিজেও বলে দিচ্ছেন, "আমি যেভাবে খেলি, সেভাবেই খেলবো। আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভালো কিছু হবে।"
তামিম-জুনায়েদের পর আছেন আশরাফুল-আফতাব। টেস্ট তো বটেই। ওয়ানডেতেও অনেকসময় স্ট্রোক খেলার কথা ভুলে থাকার চেষ্টা করতে হয় বলে আফসোসের অন্ত ছিল না আশরাফুলের। এবার তা কড়ায়-গন্ডায় মিটিয়ে নেওয়ার সুযোগ এনে দিচ্ছে টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ। "এখন তো নিজের কথা ভাবলেই চলবে না। দলের কথাও ভাবতে হয়ে আমাকে। তাই লাগামহীন শট খেলার কথা ভাবার সুযোগ কোথায়?"- মুখে একথা বললেও আশরাফুলের মনে অন্য কিছুই থাকার কথা। টেস্ট ক্রিকেটেও বেশিরভাগ সময়ই স্ট্রোক খেলার লোভ সামলাতে না পারা আশরাফুল ধুমধাড়াক্কা ক্রিকেটে সেটা পারবেন কীভাবে? আফতাবের ক্ষেত্রে অধিনায়ক বেশি শব্দ খরচ করার প্রয়োজন দেখছেন না,"আপনারা তো জানেনই, আফতাব কেমন ব্যাটিং করে।"
আফতাব তো বেশি বেশি স্ট্রোক খেলার দায়ে টেস্ট দল থেকেই কাটা পড়েছেন। অথচ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে সাফল্যের জন্য তার মতো ব্যাটসম্যানদের দিকেই চেয়ে থাকবে বাংলাদেশ। সফল হলে বদনাম হয়ে যাবে সুনাম। 'দুর্নাম' শব্দটায় আশরাফুলের আপত্তি আছে যদিও, "বদনাম বলবো না। দেখা গেছে যে আমাদের ব্যাটসম্যানরা কিছুক্ষন খেলার পর হুট করে শট খেলে আউট হয়ে যায়।" এরপরেই বলছেন,"আমাদের দলে বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে যারা স্ট্রোক খেলতে খুব পছন্দ করে। ঘরোয়া ক্রিকেটের টুয়েন্টি টুয়েন্টিতেও ওরা খুব ভালো করেছে। আমার মনে হয় টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপে আমরা ভালোই করবো।"
সেই ভালোটা হচ্ছে স্বাগতিক দক্ষিন আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গ্র"প থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে এই লক্ষ্যকে আশরাফুলের আরো বাস্তবসম্মত হচ্ছে মনে হচ্ছে কারণ, "টেস্ট ক্রিকেটে একটা সেশন ভালো খেললেই আপনি জিততে পারবেন না। কিন্তু এটা শর্ট গেম। ১২০ বলের খেলা। এখানে ভালো খেললেই...।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24