মুম্বাই, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জল্পনাটাই সত্যি হলো! পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক যোগ দিয়েছেন ভারতের 'বিদ্রোহী' ক্রিকেট লিগ আইসিএল-এ। তার সঙ্গী হয়েছেন মোহাম্মদ ইউসুফ, আবদুল রাজ্জাক ও ইমরান ফারহাত। সোমবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট আইসিএল-এর আয়োজকরা প্রথম মৌসুমের জন্য চুক্তিবদ্ধদের নাম ঘোষণা করেছেন। এতে বিদেশী ক্রিকেটারদের তালিকায় আরো আছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার এবং স্পিনার নিকি বোয়ে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিএল-এ খেললে নিষিদ্ধ করা হবে বলে হুমকি দিয়েছিল। কিন্তু তার তোয়াক্কা করেননি ইনজামাম ও তার সঙ্গীরা। ইউসুফ, রাজ্জাক ও ফারহাত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর বিদ্রোহ করেন। পিসিবির সঙ্গে এ মৌসুমের চুক্তিতে সই করার বদলে তারা আইসিএল-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
একই হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। কিন্তু আইসিএল-এ ঠিকই যোগ দিয়েছেন বেশ কয়েকজন টেস্ট ও ওয়ানডে খেলা ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন দীনেশ মঙ্গিয়া, জেপি যাদব, দীপ দাসগুপ্ত, রীতিন্দর সোধি, থিরু কুমারন ও লক্ষ্মীরতন শুক্লা। এছাড়া ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আম্বাতি রাইডু ও পশ্চিম বঙ্গের উঠতি তারকা অভিষেক ঝুনঝুনওয়ালাও খেলছেন আইসিএল-এর প্রথম মৌসুম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24