ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তিন সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে 'গ্রামীণফোন বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী' দলের প্রতিপক্ষ কারা, তা এই কয়েকটা দিন আগেও ছিল অজানা। এখন জানা গেলেও তাদের শক্তিমত্তা নিয়ে অন্ধকার অবশ্য কাটেনি। খোদ ক্রিকেট একাডেমীর অপারেশন্স ম্যানেজার ও সহকারী কোচ এবং এই সফরে দলের কোচ কাম ম্যানেজার খালেদ মাহমুদের ধারণাও "যতোদূর শূনেছি তারা ভালো দল" এর বেশি কিছূ নয়। কাজেই রোববার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলো আরো। সেই সঙ্গে প্রতিপক্ষের শক্তি নিয়ে সন্দেহও বাড়লো। প্রশ্নে প্রশ্নে গলদঘর্ম মাহমুদ একপর্যায়ে হাল ছেড়ে সামলানোর ভার দিলেন অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়রকে, "প্রতিপক্ষ সম্পর্কে মেহরাবই আপনাদের সবচেয়ে ভালো ধারণা দিতে পারবে। কারণ ও ডারউইনে খেলে এসেছে।"
২৩ আগস্ট রওনা হয়ে ১৫ সেপ্টেম্বর দেশে ফিরবে একাডেমী দল। মাঝের সময়টায় ইনস্টিটিউট চ্যালেঞ্জ কাপে চারটি একদিনের ম্যাচ খেলবে তারা। আর ক্রোকোডাইল কাপে খেলবে একটি করে একদিন, তিনদিন ও চারদিনের ম্যাচ। এই সবগুলো ম্যাচই হবে ডারউইনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিবির দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে বছর দুয়েক আগে ছয় মাসের জন্য ডারউইনের ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে গিয়েছিলেন মেহরাব। ডারউইন ক্লাবের হয়ে ১০টি একদিনের ম্যাচ ছাড়াও ক্রোকোডাইল কাপে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের হয়ে খেলেছেন সাতটি দুইদিনের ম্যাচ। সেই অভিজ্ঞতায় মেহরাব আসন্ন সফরে তাদের প্রতিপক্ষের শক্তি নিয়ে বিদ্যমান সন্দেহ দূর করে দিতে চাইলেন, "এখন অস্ট্রেলিয়ার দক্ষিণে ভেজা মৌসুম। এই সময়টায় দক্ষিণের ক্রিকেটাররা সবাই নর্দার্ন টেরিটরিতে এসে খেলে। আমি যখন খেলেছিলাম, তখন এমন অনেককে পেয়েছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে যাদের দশ হাজারের ওপর রান। একজন তো অস্ট্রেলিয়া দলে সুযোগ প্রায় পেয়েই গিয়েছিলেন। আমিও ওখানে খারাপ খেলিনি। সেখান থেকে ফিরেই বাংলাদেশ 'এ' দলে সুযোগ পেয়েছিলাম। তাই এই সফরে আমাদের প্রতিপক্ষ নিয়ে কোনোরকম সন্দেহ থেকে থাকলে বলবো তা ঠিক নয়।"
মাহমুদ আরেকটু নির্দিষ্ট করে দিতে চাইলেন, "বলা যায় আমরা প্রতিটা রাজ্যের দ্বিতীয় একাদশের সঙ্গে খেলবো। যতোদূর শুনেছি, উদীয়মান ক্রিকেটাররাই খেলবেন। সঙ্গে প্রতিটা দলে ফার্স্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন তিন চারজন সিনিয়র ক্রিকেটারও থাকবেন।" ক্রিকেট অস্ট্রেলিয়া নয়, এই সফরে যাওয়ার আগে বিসিবির সমস্ত যোগাযোগ নর্দার্ন টেরিটরির সঙ্গে। যেখানে একাডেমী দলকে খেলতে পাঠানোর জন্য বিসিবির খরচ হচ্ছে ৮০ লাখ টাকা। আগের কমিটি এই সফর পাকাপোক্ত না করে গেলে নতুন বোর্ডের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ হয়তো অন্য ব্যবস্থাই নিতেন। অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কাতে পাঠিয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ নেওয়া উচিত কিনা, এ প্রশ্নে তার সেই মনোভাবই ফুটে উঠলো,"আমি এধরনের পরিকল্পনার সঙ্গে একমত।"
এই সফরে ইনস্টিটিউট চ্যালেঞ্জ কাপে একাডেমী দলের চারটি একদিনের ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড একাডেমী অফ স্পোর্ট এবং এসিটি (অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি)। আর ক্রোকোডাইল কাপে তাসমানিয়ার সঙ্গে তিনদিনের ম্যাচ খেলার পর একদিন ও চারদিনের ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। এই দুটো ছাড়াও এসিটির সঙ্গে একদিনের ম্যাচের ভেন্যু মারারা ওভাল। ২০০৩ সালে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল ডারউইনের এই মাঠের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.
bdnews24