করাচি, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্রিকেটারদের ফিটনেসের ওপর বাড়তি জোর দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সে কারণেই একজন রাগবি ট্রেনারকে চুক্তিবদ্ধ করেছে তারা। ডেভিড ডায়ার নামে অস্ট্রেলিয়ান এই রাগবি প্রশিক্ষক তার স্বদেশী কোচ জেফ লসনের সহকারী হিসেবে কাজ করবেন।
পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জাকির খান এ প্রসঙ্গে বলেছেন, "ডায়ার অস্ট্রেলিয়ার বিখ্যাত একজন রাগবি ট্রেনার, লসনের মতোই তাকে দুবছরের জন্য চুক্তিবদ্ধ করেছি আমরা। দলের জন্য ট্রেনার চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, ডায়ার আমাদের পছন্দের সব শর্তাবলীই পূরণ করেছেন।"
ডায়ারের সঙ্গে দুবছরের জন্য চুক্তি করেছে পিসিবি। দক্ষিণ আফ্রিকান মারে স্টিভেনসনের জায়গা নেবেন তিনি। বিশ্বকাপে ভরাডুবির পর মারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পিসিবি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬১২ঘ.
bdnews24