লন্ডন, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভাববেন না সব ছেড়েছুড়ে হঠাৎই তার জার্মান হবার সাধ জেগেছে! শেন ওয়ার্ন জার্মান নাগরিকত্ব নেওয়ার ব্যাপারে ভাবছেন, কারণ এর ফলে তার কাউন্টি ক্রিকেটে সুবিধা হবে। হ্যাম্পশায়ারের হয়ে খেলা অস্ট্রেলিয়ান এই সাবেক গ্রেট অ-বিদেশী খেলোয়াড়ের কোটায় সুবিধে নিতেই জার্মানির কথা ভাবছেন।
ইউরোপের এত দেশ থাকতে জার্মানি কেনো, তার জবাবও দিয়েছেন ওয়ার্ন। শুক্রবার লর্ডসে ডারহামের বিপক্ষে ওয়ানডে ফাইনালের আগে সাংবাদিকদের বলেছেন, "আমার মা ছিলেন জার্মান। চার কি পাঁচ বছর বয়সে অস্ট্রেলিয়া চলে আসেন তিনি। আগামী বছর থেকে একজন বিদেশী খেলোয়াড় খেলানোর বিধিমালা থাকায় এ সম্ভাবনাটা নিয়ে ভাবছি আমরা।"
এ মুহূর্তে ইংলিশ কাউন্টি দলগুলোতে দুজন করে বিদেশী ক্রিকেটার খেলতে পারছেন। আগামী মৌসুম থেকে শুধু একজন খেলতে পারবেন। তবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশের পাসপোর্ট থাকলে তিনি আর বিদেশী হিসেবে গন্য হবেন না। ৩৭ বছর বয়সী এই লেগস্পিনার জার্মান নাগরিকত্ব পেলে হ্যাম্পশায়ার আরেকজন বিদেশী ক্রিকেটারকে সই করাতে পারবে। আগামী মৌসুমের শেষ নাগাদ হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ ওয়ার্ন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১০ঘ.
bdnews24