ঢাকা, ১৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---কমান্ডো অনুশীলন শেষ করে বৃহস্পতিবার ঢাকা ফিরেছে বাংলাদেশ দল। সেটার ধকল কাটিয়ে উঠতেই সম্ভবত বিশ্রাম দেয়া হয়েছে তিনদিন। সেই বিশ্রাম শেষ করে সোমবার আবার মাঠে ফিরবে আশরাফুলের দল। মিরপুরে এদিন থেকেই শুরু হবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বাকপের বাংলাদেশ দলের ব্যাট-বল অনুশীলন।
যে কোনো ক্যাম্পের শুরুতে সবসময়ই গুরুত্ব দেয়া হয় ফিটনেসের ওপর। এবার সিলেট সেনানিবাসে ৬ দিনের কমান্ডো ট্রেনিংয়ে সেটা যথেষ্টই হয়েছে। কাজেই এখন মনযোগ দিতে হবে ব্যাট-বল, অর্র্থাৎ সত্যিকারের ক্রিকেটের দিকে। মিরপুর স্টেডিয়ামে সোমবার শুরু হচ্ছে সেটা। এমনিতে বাংলাদেশের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব কম, সেটা মাথায় রেখে মঙ্গল ও বুধবার দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে বাংলাদেশ দল। যদি বৃষ্টি সমস্যা হয়ে না দাঁড়ায় তাহলে ঐ দুদিন ডেভেলপমেন্ট একাডেমি দলের বিপক্ষে হবে ম্যাচ দুটো।
টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য আরও কিছু ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের। দেশ ছেড়ে বাংলাদেশ প্রথমে যাবে কেনিয়া, সেখানে অংশ নেবে একটা চার জাতি টুয়েন্টি-টুয়েন্টি প্রতিযোগিতায়। তারপর ওখান থেকেই তারা যাবে দক্ষিণ আফ্রিকায়, টুয়েন্টি-টুয়েন্টির প্রথম বিশ্বকাপ খেলতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৩৫ঘ.
bdnews24