ঢাকা, ১৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পোশাকের স্পনসর হতে চায় না কেউ! বৃহস্পতিবার সভার আগে টেন্ডার বাক্স খুলে দেখা যায় আশ্চর্য ব্যাপার! টেন্ডার জমা দেয়নি কেউই। দলের স্পনসরের বিষয়ে অবশ্য তিনটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, এখন তাদের মধ্য থেকেই কেউ একজন হবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের স্পনসর। আর পোশাকের বিষয়ে এখন ক্রিকেট বোর্ড নিজেরাই উদ্যোগী হয়ে নামবে স্পনসর খোঁজার দৌড়ে।
প্রত্যাশামতো সাড়া পাওয়া যায়নি বলেই বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভায় স্পনসর চূড়ান্ত হয়নি। যেমন চূড়ান্ত হয়নি কোচের বিষয়টাও। ক্রিকেট বোর্ডের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সভার মাঝখানে বেরিয়ে এসে মিডিয়া কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম কোচ সংক্রান্ত বিষয়ে যা জানালেন সেটা এরকম,''সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলবো যে আগের বোর্ডেও চূড়ান্ত করা তিনজনের মধ্য থেকেই একজনকে নেয়া হবে নাকি তালিকায় নতুন কাউকে যোগ করা হবে।''
একেকটা সিরিজে বাংলাদেশ ব্যর্থ হয় আর রব ওঠে- ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে হবে। নতুন বোর্ডও বিষয়টা নিয়ে ভাবছে। ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো যায় কিনা, গেলে সেটার ধরণ কেমন হতে পারে তা নির্ধারণ করতে গঠিত হচ্ছে একটা কমিটি। সাবেক ক্রিকেটার-কোচ এবং সংগঠকরা থাকবেন এই কমিটিতে। তবে তার আগ পর্যন্ত বর্তমান কাঠামো অনুযায়ীই চলবে ঘরোয়া ক্রিকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এসবি/২২২৫ঘ.
bdnews24