সিলেট, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একেকটি অভিযানে সফল হয়ে ফিরে আসছেন ক্রিকেটাররা। বাহবাও কুড়োচ্ছেন বেশ। খেলার মাঠ নয়, সিলেটের জালালাবাদ সেনানিবাসের স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের (এসআইঅ্যান্ডটি) প্যারা কমান্ডো গ্রাউন্ডে আগের চারদিনের নিয়মিত চিত্রটাই স্বচক্ষে দেখা হয়ে গেল বুধবার। এদিনই প্রথম এবং একমাত্রবারের মতো প্রবেশাধিকার পাওয়া মিডিয়ার সামনে তখন যেন বাংলাদেশের ক্রিকেটাররা আর ক্রিকেটার নন, একেকজন দক্ষ কমান্ডো। "যতোগুলো আইটেম করিয়েছি, তার সবগুলোই ওরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে করেছে"- এই কমান্ডো ট্রেনিংয়ের সূচী সাজানো মেজর এসএম আশেক হোসেন যখন দিচ্ছেন এমন সার্টিফিকেট, তখন একেবারেই নতুন এই অভিজ্ঞতায় মোহাম্মদ আশরাফুলদের সাফল্য নিয়ে কোনো প্রশ্ন থাকেও না।
বুধবার কাকডাকা ভোরেই সিলেট নগরীর সোবহানী ঘাট এলাকায় ঢাকা থেকে আসা মিডিয়া প্রতিনিধিদের জন্য অপেক্ষা করছিল সেনানিবাসের বাস। সেখান থেকে তাদের নিয়ে সেটা ছুটলো দেশের একমাত্র কমান্ডো ট্রেনিং এলাকায়। পৌছেই কমান্ডো সাজে সজ্জিত ক্রিকেটারদের দুঃসাহসিক এক অভিযানের লগ্নও ধরা গেল। ছোটোখাটো পাঁচটি পাহাড়। আর বড়ো তিনটি। সবমিলিয়ে আটটি পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে পিঠে ১০ পাউন্ড (যদিও আসল কমান্ডোরা পিঠে ৩০ পাউন্ড ওজন নেন) ওজন নিয়ে দৌড়ে আসার নাম 'টাইগার চেজ'। তাতে 'সেকেন্ড পার্টি'র সদস্য হয়েও প্রথম হওয়া ফরহাদ রেজার ঠিক পেছনেই থাকলেন সাকিব আল হাসান। দ্রুততার জন্য তো বটেই, বিপজ্জনক একটি খাড়া ঢাল থেকে যেভাবে সবাই এক লাফে নেমে আসলেন, তা দেখে বিস্মিত না হয়ে পারলেন না চিফ ট্রেনারও।
এরকম আরো অনেক কিছূই উৎসাহ নিয়ে করে আসছেন ক্রিকেটাররা। ছয় দিনের কর্মসূচীর পাঁচ দিন পার করে ফেলার পর তারা প্রাপ্তির খাতাতেও টুকে নিতে শুরু করেছেন অনেক কিছু। জানা কথা যে তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্যই এই আয়োজন। কিন্তু কাজের কাজ হলো কতোটা? এই প্রশ্নের উত্তরও এখন সাজিয়ে বসতে পারছেন ক্রিকেটাররা। এমনিতে সাহসী ক্রিকেটার হলেও সতীর্থরা মাশরাফি বিন মর্তুজার ভেতরে ভয়ডরের অস্তিত্বও ভালো করেই জানেন। অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা করিয়ে দেশে ফিরে আগের দিনই ক্যাম্পে যোগ দেওয়া এই পেসার তার অধিনায়কের মতো একই সঙ্গে জানিয়েছেন ভয় পাওয়া এবং সেটাকে জয় করার কথা। এদিন মাউন্টেন ক্লাইম্বিং তথা পর্বতারোহণ (৬০ ফুটের খাঁড়া পাহাড় দড়ি বেয়ে ওঠা) যেমন করেছেন, তেমনি করেছেন র্যাপেলিং (৫৫ ফুট উঁচু টাওয়ার থেকে দড়ি বেয়ে নামা), হ্যালো কাস্টিং (৩৫ ফুট ওপর থেকে পানিতে লাফিয়ে পড়া) এবং স্লাইডিংও। এসব করার ফাঁকেই মিডিয়ার মুখোমুখি হতে এসে বললেন, "আগে কখনো এসব করিনি তো। খুব মজা লাগছে। সবচেয়ে বড়ো কথা এসব করলে সাহস বাড়ে। ক্রিকেট মাঠেও তো সাহস নিয়ে নামা লাগে। র্যাপেলিং করতে ওপরে উঠে তাকালেই বোঝা যায় কতো নীচে! এটা অনেক সাহসের ব্যাপার।"
অর্জিত এই সাহসকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন বিসিবির নতুন কমিটির সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ। ক্রিকেটারদের আর্মি ট্রেনিংয়ে পাঠানোর পরিকল্পনা তার মাথায় এসেছিল বাংলাদেশ দলের ম্যানেজার থাকাকালীনই। দীর্ঘদিন পরে হলেও সেই পরিকল্পনা আলোর মুখ দেখেছে বলে সাবেক এই কমান্ডোর উল্লসিত হওয়াই স্বাভাবিক। আগেরদিন অত্যুৎসাহে গ্লাভস ছাড়া র্যাপেলিং করতে নেমে গিয়েছিলেন নিজে, কুফল হিসাবে দুই হাতে বয়ে বেড়াতে হচ্ছে ক্ষতচিহ্ন, এসব ক্ষতির আশংকা সত্বেও মনে করেন ক্রিকেটাররা ভীষণ উপকৃত হবেন এই কমান্ডো ট্রেনিংয়ে, "এই ট্রেনিং থেকে ওরা মানসিকভাবেও অনেক ফিট হয়ে গেল। এখানে একটা যুদ্ধের আবহই তৈরি করা হয়েছে ওদের জন্য। ক্রিকেট মাঠেও ব্যাট আর বলের যুদ্ধ হয়। এই যুদ্ধে আমি ম্যানেজার থাকার সময় অনেককেই ভয় পেতে দেখেছি। চট্টগ্রামে ইংল্যান্ডের সঙ্গে টেস্টে বাউন্সারে কতোজনই তো ভয় পেয়েছে। আশা করছি এই ট্রেনিংয়ের পর তেমন কিছু আর হবে না।"
এই কিছূদিন আগেই শ্রীলঙ্কা সফরে মুরালিধরন আর লাসিথ মালিঙ্গা ভীতিতে ভুগে এসেছেন তারা। এখন থেকে মালিঙ্গা ভীতি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কাজ করবে না বলে বিশ্বাস আনছেন চিফ ট্রেনার লে. কর্নেল সিরাজুল ইসলাম শিকদারও, "এখানে যা কিছু ওদের করানো হয়েছে এর সবকিছূতেই প্রথম প্রথম ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু ওরা ঠিকঠাকমতোই উতরে গেছে সব পরীক্ষায়। তার মানে ভয়কে জয় করা হয়ে গেছে ওদের। এখন থেকে দেখবেন মালিঙ্গাকে খেলতে গিয়ে আর ওরা ভয় পাবে না। ক্রিকেটের সঙ্গে এই ট্রেনিংয়ের যোগসূত্র এখানেই।"
মানছেন এই প্রথম বাংলাদেশ দলে সুযোগ পাওয়া জুনায়েদ ইমরোজ সিদ্দিকীও। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই ব্যাটসম্যানের ফিল্ডিং নিয়ে অনেক রসিকতা চালু আছে ক্রিকেটাঙ্গনে। সেই তিনিও এখন বলছেন, "জাতীয় দলে সুযোগ পেয়েই এমন ট্রেনিংয়ের সুযোগ পেয়ে আমার অনেক লাভই হচ্ছে। মনে হচ্ছে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গেলে এখন আর ভয় করবে না।" ভয়কে জয় করার ঘোষণা বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথাতেও, "এখানে না আসলে হয়তো আমরা ঢাকাতে ফিজিক্যাল ট্রেনিংই করতাম। সেটার চেয়ে এই ট্রেনিং অনেক ভালো হয়েছে। এধরনের ট্রেনিং করতে সাহস লাগে। যদিও শুরুতে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম কিন্তু শেষপর্যন্ত কাজটা আমরা ঠিকমতোই করেছি। এতেই বোঝা যায় আমাদের সাহস বেড়েছে।"
সেই সঙ্গে বেড়েছে গৌরবের অনুভবও। কারণ এসআইঅ্যান্ডটিতে প্রশিক্ষণ নিতে আসা প্রথম বেসামরিক লোক বাংলাদেশ দলের এই ১৪জন ক্রিকেটারই। আশরাফুল তাই বলছেন, "আমরা ১৪ জন ক্রিকেটার (বিয়ের কারণে আফতাব আহমেদ যোগ দিতে পারেননি) ভীষণ সৌভাগ্যবান। কারণ এখানে অনেকে চাইলেও হয়তো ট্রেনিং করতে পারবে না।"
তাদের ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত এসআইঅ্যান্ডটির অসংখ্য প্রশিক্ষকও গর্বিত। সেটা জাতীয় এই বীরদের সংস্পর্শে আসা যাচ্ছে বলে। আশরাফুল কী তা জানেন!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.
bdnews24