ঢাকা, ১৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জাতীয় দলের ক্রিকেটারদের কমান্ডো অনুশীলন দেখতে মঙ্গলবার সিলেট স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) এ গিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ব নেয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
অনুশীলনরত ক্রিকেটারদের প্রতিদিনই ক্রিকেটারদের নতুন এক বা একাধিক ড্রিল করানো হচ্ছে। মঙ্গলবারের সেই ড্রিলের সময় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি সিনা ইবনে জামালী। ক্রিকেটারদের অনুশীলন কেমন হচ্ছে না হচ্ছে সেটা দেখতেই তিনি হাজির হয়েছিলেন জালালাবাদ সেনানিবাসে। দেখেছেন বেশ কিছুক্ষণ। তার উপস্থিতিতেই ক্রিকেটাররা দেখিয়েছেন বিষয়টা অপরিচিত হলেও মানিয়ে নেয়ার ক্ষমতা তারা রাখে। বোর্ড সভাপতি সেটা দেখে মুগ্ধ। ম্যানেজার তানজীব আহসান সাদের কাছ থেকে জানা গেছে ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় তার মুগ্ধতার কথা জানিয়েছেনও তিনি। ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছেন বোর্ড সভাপতি।
১০ আগস্ট ৬ দিনের সামরিক অনুশীলনে সিলেটে গেছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল। সামরিক অনুশীলন বিষয়টাই কঠিণ, তারপর ক্রিকেটারদের জন্য একদম অচেনা ব্যাপার হওয়াতে শরীরের ওপর দিয়ে ধকল যাচ্ছে বেশ। সেই ধকলের প্রভাবেই খুব সম্ভব অলক কাপালি পড়েছিলেন ইনজুরিতে। কিন্তু স্ক্যান করে দেখা গেছে তার বাম পায়ের আঙ্গুলের সমস্যাটা গুরুতর কিছু নয়। অনুশীলনে দলের সঙ্গে থাকা ম্যানেজার তানজীব আহসান সাদ জানিয়েছেন,''অলকের কোনো সমস্যা নেই। তবু সাবধানতা হিসাবে আজ (মঙ্গলবার) তাকে অনুশীলন করানো হয়নি। আগামীকাল (বুধবার) আবার সে অনুশীলনে যোগ দেবে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.
bdnews24