সিলেট, ১৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আর্মি ট্রেনিংয়ে প্রতিদিনই কিছূ না কিছু নতুনত্বের স্বাদ পাচ্ছেন ক্রিকেটাররা। আগের দুদিন দড়ি বেয়ে দালান কিংবা পাহাড়ে ওঠা-নামা এবং স্নরকেলিংয়ের পর সোমবার তাদের সূচীতে অন্তর্ভূক্ত ছিল একেবারেই নতুন দুটো বিষয় - হাইকিং (পাহাড় ও জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা) এবং স্লাইডিং (অপেক্ষাকৃত উঁচু ও নীচু দুটো জায়গার ভেতর টানানো দড়ি ধরে নীচে নেমে যাওয়া)। তাদের জন্য নতুন এই পরীক্ষাগুলোতেও মোহাম্মদ আশরাফুলরা সাফল্যের সঙ্গে উতরে গেছেন বলেই সিলেট থেকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম- কে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার তানজীব আহসান সাদ।
সোমবার সন্ধ্যায় যখন তার সঙ্গে কথা হয়, তখন ক্রিকেটাররা হাইকিং শেষ করে ফিরছিলেন। সাদ বললেন, "আমরা এখন তামাবিল থেকে ফিরছি। উঁচু-নীচু পাহাড় এবং জঙ্গলের ভেতর দিয়ে হাইকিং করতে হয়েছে ছেলেদের। সবমিলিয়ে ১৬ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে ওদের।" বিকেল তিনটা থেকে শুরু হওয়া হাইকিং শেষ করার জন্য সময় বরাদ্দ ছিল সাড়ে ছয়টা পর্যন্ত। এসময় অবশ্য দলের সঙ্গে ছিলেন না অলক কাপালি। বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের চোটের জন্য রোববার থেকেই বিশ্রামে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
অলকের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌছানো এখনো সম্ভব না হলেও আশ্বস্তই করেছেন ম্যানেজার। তার ভাষায়, "অলকের এক্সরে রিপোর্ট আমাদের কাছে এসে পৌছেছে। তবে ফিজিও এখনো সেটা দেখতে পারেননি। রাতে দেখবেন। এরপরেই ওর ব্যাপারে সিদ্ধান্তে পৌছা যাবে। আগামীকাল (মঙ্গলবার) আপনারা জানতে পারবেন। আশা করছি গুরুতর কিছু নয়। আর ফিজিওর কাছ থেকে যতোটুকু শুনেছি, তাতে চিন্তিত হওয়ার কিছূ নেইও। কয়েকটা দিন ঠিকমতো বিশ্রাম নিলেই হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২০০৩ঘ.
bdnews24