২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানার বিরুদ্ধে আপিল করেছেন শোয়েব

কাউকে কিছু না বলে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। সেজন্য জরিমানা করেছিল তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে উষ্মায় বোর্ড অফিসে গিয়ে চেঁচামেচি করেছেন শোয়েব আখতার। জরিমানার অঙ্ক বেড়েছে তারপর। পাকিস্তানের এই ফাস্টবোলার জানিয়েছেন সাকুল্য ৫ হাজার ডলারের এই জরিমানার বিরুদ্ধে আপিল করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

লাহোর, ১৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কাউকে কিছু না বলে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। সেজন্য জরিমানা করেছিল তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে উষ্মায় বোর্ড অফিসে গিয়ে চেঁচামেচি করেছেন শোয়েব আখতার। জরিমানার অঙ্ক বেড়েছে তারপর। পাকিস্তানের এই ফাস্টবোলার জানিয়েছেন সাকুল্য ৫ হাজার ডলারের এই জরিমানার বিরুদ্ধে আপিল করেছেন তিনি। সোমবার এক বিবৃতিতে শোয়েব বলেছেন, "আমি এই জরিমানার বিরুদ্ধে আবেদন করেছি, কারণ আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি।" গত ৪ আগস্ট করাচির অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য তাকে ১ লাখ রুপি জরিমানা করেছিল পিসিবি। এরপর শুনানী কমিটির সামনে হট্টোগল করায় আরো দুলাখ রুপি জরিমানা করা হয় শোয়েবকে। এ প্রসঙ্গে তার বক্তব্য, "আমি শুনানীর খবর পেয়েছি গত শুক্রবার। তার দুদিন আগে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। এটা অবশ্যই আগে জানানো উচিত ছিল।" তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমী। তার বক্তব্য ভিন্ন, "শোয়েব আমাকে ফোন করে বলেছে না বলে ক্যাম্প ছেড়ে যাওয়াটা তার ভুল হয়েছে এবং তাকে জরিমানা করে পিসিবি ঠিক কাজই করেছে। তবে পিসিবির এক কর্মকর্তা তার পরিবারের কাছে শোয়েবের খোঁজখবর নেওয়ায় সে রাগ করেছে।" নাগমী যোগ করেছেন যে ব্যাপারটা এখন ব্যক্তিগতভাবে তদন্ত করবেন তিনি, "সোমবার আমি লাহোরে যাচ্ছি, সেখানে পিসিবির কর্মচারিদের কাছে জানব আসলে ঘটনাটা কি হয়েছিল। তারপর ঠিক করব কি ব্যবস্থা নেওয়া হবে।" শোয়েব অবশ্য বলেছেন এ ঘটনা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে না। বলেছেন, " আমি পুরোপুরি ফিট, বিশ্বকাপে আমার ভূমিকা আমি ঠিকই পালন করব। এর আগে যা কিছু ঘটে গেছে তা অতীত, তার কোনো প্রভাব আমার খেলায় পড়বে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৯১৫ঘ.