সিলেট, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চুলে আর্মিছাট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল! বাংলাদেশ অধিনায়কের এই নতুন ধরনের চুলের স্টাইলের কারণও আছে। শনিবার থেকে ৬ দিনের সামরিক ধাঁচের অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিলেট সেনানিবাসের স্কুল অব ইনফ্যানট্রি অ্যান্ড ট্যাকটিক্সয়ে (এসআইঅ্যান্ডটি) মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়ানোর এই বিশেষ ট্রেনিং নিতে অবশ্য শুক্রবার দুপুরেই সেখানে পৌঁছেছে টাইগাররা। আর তার সঙ্গে মানিয়ে নিতেই আশরাফুলের এই নতুন ফ্যাশন, "আর্মি ট্রেনিং যখন নিতে এসেছি, তাই ভাবলাম ওদের মতো করেই চুল কাটি।"
শুক্রবার কোনো অনুশীলন না হলেও শনিবার ভোর থেকে রাত অব্দি শ্রমক্লান্ত একটা দিনই কাটাতে হয়েছে মোহাম্মদ আশরাফুলদের। সকাল ৬টা থেকে অনুশীলন সূচী থাকায় কাকডাকা ভোরেই জালালাবাদ সেনানিবাসের অফিসার্স মেসের বিছানা ছাড়তে হয়েছে তাদের। ৬টা থেকে শুরু হয়ে সাড়ে সাতটা পর্যন্ত প্যারা কমান্ডো গ্রাউন্ডে দেড় ঘন্টার সেশনে অন্যান্য পিটির পাশাপাশি ছিল তিন কিলোমিটার দৌড়। রোববার সকালে অবশ্য এই তিন কিলোমিটার তাদের দৌড়াতে হবে ১০ পাউন্ড ওজন নিয়ে। শনিবার সকাল সাড়ে আটটা সাড়ে নয়টা পর্যন্ত চিফ ট্রেইনারের ব্রিফিং শুনেছেন ক্রিকেটাররা।
সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আশরাফুলরা শিখেছেনও অনেক কিছু। যেমন দড়ি বেড়ে নামা, কৃত্রিম টাওয়ার থেকে লাফিয়ে পড়া, দালান বেয়ে ওঠা এবং পাহাড় বেয়ে ওঠার কলাকৌশল হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের, যাতে পরদিন সেগুলো করতে পারেন। দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পাহাড়ী পথে ম্যাপ দিয়ে হাঁটতে পাঠানো হয়েছিল তাদের। বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ওজনসহ কিংবা ওজন ছাড়া উঁচু পাহাড়ী পথ ডিঙ্গানোর বিষয়ে ধারণা পেয়েছেন তারা।
রাতে ছিল আত্মসমালোচনা এবং সমস্যা সমাধানের ক্লাস। সেটা ধরার তাড়া ছিল বাংলাদেশ অধিনায়কের। তাড়া থাকলেও আশরাফুল টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে প্রকাশ করতে ভুললেন না অনুশীলনের এই নতুনত্বে ডুবে যাওয়ার উল্লাসটা, "আজ তো সবে ট্রেনিং শুরু হলো। তবে এক কথায় বললে দারুণ লাগছে সবকিছু।" এরমধ্যে আলাদা করে নিচ্ছেন,"দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত একটা সেশন ছিল আমাদের। ওটাই সবচেয়ে বেশি উপভোগ করেছি। ম্যাপ দেখে দেখে পাহাড়ের একটা জায়গা খুঁজে বের করতে হয়েছে আমাদের। তারপর আবার সেখানে ফিরে আসতে হয়েছে, যেখান থেকে শুরু করেছিলাম।"
বিশেষ এই অনুশীলন শিবিরে অবশ্য গোটা দলকে পাচ্ছেন না আশরাফুল। স্ত্রীর চিকিৎসা করাতে তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা এখন ভারতে। বিয়ে করতে যাচ্ছেন, তাই ক্যাম্পে যোগ দেননি হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২০৫০ঘ.
bdnews24