জোহানেসবার্গ, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টেস্ট ও ওয়ানডে দু ধরণের ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকার রানসংগ্রহের তালিকায় তার নাম তালিকার শীর্ষে। কিন্তু ওয়ানডেতে ধীরগতিতে রান করেন বলে বদনাম আছে জ্যাক ক্যালিসের। আসন্ন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দলে সে কারণেই সম্ভবত জায়গা হয়নি এই অলরাউন্ডারের। শনিবার ১৫ জনের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
শনিবার দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের আহবায়ক জুবার্ট স্ট্রাইডম এক বিবৃতিতে দল ঘোষণার পাশাপাশি বলেছেন, "আজকের এই ঘোষিত দল কোচ এবং অধিনায়কের জন্য বিভিন্ন বিভাগে একাধিক বিকল্পের সুযোগ এনে দেবে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে খুবই ভালো দল হয়েছে এটা।"
অলরাউন্ডারের সংখ্যা অবশ্য কম নয় দক্ষিণ আফ্রিকা দলে। আছেন শন পোলক, জোহান ফন ডার ওয়াথ, আলবেই মর্কেল, জাস্টিন কেম্প ও উঠতি সম্ভাবনা ভার্নন ফিলান্ডার। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সুযোগ পাওয়া খেলোয়াড় মাত্র একজন। টপ অর্ডার ব্যাটসম্যান গোলাম বেদি। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), গুলাম বেদি, লুটস বসম্যান, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, হার্শেল গিবস, জাস্টিন কেম্প, আলবেই মর্কেল, মর্নি মর্কেল, মাখায়া এনটিনি, ভার্নন ফিলান্ডার, শন পোলক, থান্ডি শাবালালা, জোহান ফন ডার ওয়াথ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮২০ঘ.
bdnews24