লন্ডন, ১০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন অনিল কুম্বলে। এমনই এক ম্যাচে যেখানে অল্পের জন্য সেঞ্চুরি পাননি মহেন্দ্র সিং ধোনী, দীনেশ কার্তিক ও শচীন টেন্ডুলকাররা। কুম্বলের অপরাজিত ১১০ রানে ওভাল টেস্টে দারুণ এক অবস্থানে চলে গেছে ভারত। ৬৬৪ রানে অল আউট হয়েছে তারা। জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। ৬৪০ রানে পিছিয়ে স্বাগতিকরা ৯ উইকেট হাতে নিয়ে।
৪ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। ভিভিএস লক্ষ্মণের সঙ্গে শচীন টেন্ডুলকারের পঞ্চম উইকেট জুটি শেষ পর্যন্ত ৭৮ রানে গিয়ে ভেঙেছে। উইকেট কিপার ম্যাট প্রিয়রের ক্যাচ বানিয়ে লক্ষ্মণকে আউট করেছেন ক্রিস ট্রেমলেট। ৫১ রান করা লক্ষ্মণকে ৪১ রানের মাথায় জীবন দিয়েছিলেন প্রিয়র তার ক্যাচ ফেলে। প্রথম দিন ২০ রানের মাথায় প্রিয়রের হাতেই জীবন পেয়েছিলেন টেন্ডুলকারও। ৩৮তম টেস্ট সেঞ্চুরিটা যখন নিশ্চিত দেখাচ্ছিল তখনই ভুল করলেন। লাঞ্চের মিনিটদশেক বাকি থাকতে জেমস এন্ডারসনের বলে অ্যান্ড্রু স্ট্রাউসকে ক্যাচ দিয়েছেন প্রথম স্লিপে, তার সংগ্রহ ৮২। তার আগে মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে ৬ষ্ঠ উইকেট জুটিতে আরো ৬৩ রান যোগ করেছেন টেন্ডুলকার। দলীয় সংগ্রহকে নিয়ে গেছেন চার'শর ওপরে।
টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ধোনী যেন প্রমাণ করতে চাইলেন টেস্ট ক্রিকেটটাও ধুমধাড়াক্কা খেলা যায়। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়েছেন পার্টটাইম স্পিনার কেভিন পিটারসেনকে ছক্কা হাঁকাতে গিয়ে। তার এই ৯২ রান এসেছে মাত্র ৮১ বলে। চার মেরেছেন ৯টি, ছক্কা ৪টি। ৭ম উইকেটে ৯১ রান যোগ করেছেন ধোনী-কুম্বলে। তখনও বোঝা যায়নি দিন শেষে কুম্বলের মুখেই হাসি ফুটবে। জহির খানের (১১) সঙ্গে ৮ম উইকেটে ৬২ এবং শ্রীশান্তের (৩৫) সঙ্গে ১০ম উইকেটে ৭৩ রান যোগ করেছেন কুম্বলে। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৮০ বলে এসেছে তার সেঞ্চুরি। জেমস এন্ডারসন ইংল্যান্ডের সফলতম বোলার। ৪ উইকেট পেয়েছেন তিনি ১৮২ রান খরচায়।
ব্যাট হাতেও নামতে হয়েছে এন্ডারসনকেই। অবশ্য নাইট ওয়াচম্যান হিসেবে। ট্রেন্টব্রিজের হিরো জহির খান তার করা তৃতীয় ওভারের প্রথম বলেই তুলে নিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউসকে (৬)। লংলেগে তার ক্যাচ নিয়েছেন শ্রীশান্ত। অ্যালিস্টার কুক ব্যাট করছেন ১২ রান নিয়ে, এন্ডারসন অপরাজিত ৫ রানে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১৪৫ঘ.
bdnews24