ঢাকা, ৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গ্রেপ্তারকৃত কোচ দীপু রায় চৌধুরীকে আইনি সহায়তা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সকালে গুলশান থানায় তার সঙ্গে দেখা করে এসে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম- কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির অস্থায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান মুন্না। তিনি বলেন "আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে দ্রুতই বিষয়টা নিয়ে বসতে যাচ্ছি। তার সঙ্গে কথা বলেই এবিষয়ে বিসিবি অগ্রসর হবে।"
বিদেশে মানুষ পাচারের নামে প্রতারণার অভিযোগে বুধবার সাবেক জাতীয় ক্রিকেটার দীপু রায় ও তার স্ত্রী আরিফা রায় চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই দেখা করতে গিয়ে মুন্না তাদের কোচের বিরুদ্ধে ইতিমধ্যে দুটো মামলা হওয়ার খবরও জেনেছেন, "আমি সকাল নয়টার সময় দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে তাকে সেলে ঢোকানো হয়নি। থানারই একটি রুমে তাকে বসিয়ে রাখা হয়েছে। অনেকক্ষণ কথা বললাম তার সঙ্গে। তার বিরুদ্ধে দুটো মামলা হয়েছে বলেও জানলাম। একটা মামলা হয়েছে পাসপোর্ট আইনে। তার কাছে বিয়ারের ক্যান পাওয়া যাওয়ায় মাদক আইনে হয়েছে আরেকটা মামলা। শুনেছি ধানমন্ডি থানাতেও আর্থিক অভিযোগে আরেকটা মামলা হয়েছে। তবে সেটার খবর আমরা এখনো বিস্তারিত কিছু জানি না।"
আর যেহেতু মামলা হয়েই গেছে, তাই বিসিবির তরফ থেকে তাদের কোচের জন্য কিছু করতে হলে আইনি লড়াইয়ের কোনো বিকল্প নেই বলেও মনে করেন মুন্না। বৃহষ্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম- কে বলছিলেন, "আমরা জেনেছি, ইতিমধ্যে তাকে আদালতে চালান করে দেওয়া হয়েছে। আর আদালত পর্যন্ত বিষয়টা গড়িয়ে গেছে বলে এখন আইনি লড়াইয়ে নামা ছাড়া কোনো উপায়ও নেই। আমরা সেই ব্যবস্থাই নিতে যাচ্ছি।"
এদিকে সন্ধ্যায় বিসিবির অস্থায়ী কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভাশেষে সংবাদ সম্মেলনে মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববিও দিয়েছেন দীপু রায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা, "মনে রাখতে হবে তিনি এদেশকে সেবা দিয়েছেন। সাবেক জাতীয় ক্রিকেটার এবং বিসিবির চাকুরে হিসেবে তাকে যে সমর্থন দেওয়া প্রয়োজন তা দেওয়া হবে।"
প্রসঙ্গত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই পেস বোলারকে গ্রেপ্তার করতে বুধবার বিকেলে বনানীর ন্যাম ভবনে অভিযান চালায় র্যাব। সেখানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি পাসপোর্ট এবং একটি বিয়ারের ক্যান উদ্ধার হওয়ার তথ্য জানিয়েছে র্যাব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24