নয়াদিল্লী, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- মুত্তিয়া মুরালিধরনকে কখনোই বুঝি পছন্দ নয় তার। বিষেন সিং বেদী শ্রীলঙ্কার এই অফস্পিনারকে শুরু থেকেই 'চাকার' ডাকছেন। এবার সেখানে বিশেষণ যোগ করলেন 'অসুর'। আইসিসির বিশেষ সুবিধা নিয়ে তিনি নাকি তরুণ প্রজন্মের জন্য ভুল উদাহরণ সৃষ্টি করছেন বলে অভিযোগ এনেছেন ভারতীয় এই সাবেক গ্রেট। মঙ্গলবার নয়াদিল্লীতে এক বই প্রকাশনা অনুষ্ঠানে নিজের সব ক্ষোভ উগড়ে দিয়েছেন বেদী।
আইসিসির 'কনুই বাঁকানো' আইনের সুবিধা নিয়ে মুরালি যখন তখন 'ছোঁড়া বলে' গাদা গাদা উইকেট পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বেদী, "এই লোকটা (মুরালি) ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় শট-পাটার। ওর মতো লোক শুধু খেলাটাকে খুনই করছে, তারপরও কেউ তাকে কিছু বলছে না। সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো তরুণরা তাকে অনুকরণ করার চেষ্টা করছে। তার মানে আইসিসি তাদের সর্বাধুনিক ফালতু প্রযুক্তির সহায়তা দিয়ে একটা অসুর তৈরি করেছে যাতে সে চালিয়ে যেতে পারে।"
বেদীর মতে কনুইয়ের জন্মগত ত্র"টির সুবিধা নিচ্ছেন মুরালি যা প্রকারান্তরে ব্যাটসম্যানদের প্রতি একধরনের অবিচার। বলেছেন, "শারীরিক ত্র"টির অপব্যবহারের উদাহরণ হতে পারে এটি। টেস্ট ক্রিকেটে ৬০ বার ৫ উইকেট শিকারের কৃতিত্ব আছে ওর যা কিনা ৬০টি সেঞ্চুরির সমমানের। এটা ভয়ানক অবিচার। এই অ্যাকশন দিয়ে সে রীতিমতো অনাচার চালিয়ে যাচ্ছে।" যোগ করেছেন, "কেনো তাকে প্রতারক বলি, তার পেছনে কারণ আছে। ওকে আমি নিখুঁত লেগ ব্রেক বল করতে দেখেছি, কিন্তু অন্য ডেলিভারির সময় সে কনুই বাঁকায়।"
চাকার নিরূপনে আইসিসির বায়ো-মেকানিকাল পরীক্ষারও তীব্র সমালোচনা করেছেন বেদী। তার মতে ব্যাপারটা মাঠের আম্পায়াদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, "ক্রিকেটাররা তো গবেষনাগারে খেলে না। তারা মাঠে খেলে, আর চাকিং ধরা পড়ে খালি চোখে। কেউ চাকিং করে কিনা সেটা জানতে অস্ট্রেলিয়া গিয়ে ওসব বাহারি পরীক্ষার কোনো দরকার নেই।" মুরালিধরন সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেও কখনোই শেন ওয়ার্নের সঙ্গে এক কাতারে দাঁড়াতে পারবেন না বলে অভিমত দিয়েছেন বেদী, "ওয়ার্ন হচ্ছে সত্যিকারের জিনিয়াস। ওর অ্যাকশন অসাধারণ দৃষ্টিনন্দন যার সঙ্গে মুরালির কোনো তুলনাই হতে পারে না। দুজনের মধ্যে যোজন ব্যবধান। মুরালি হয়তো একহাজার টেস্ট উইকেট পাবে, কিন্তু আমার চোখে সেগুলোর মূল্য রান আউটের চেয়ে কানাকড়ি বেশি নয়।"
(ওয়েবসাইটের সৌজন্যে)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০৫০ঘ.
bdnews24