২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকদের আশ্বস্ত করলো ক্রিকেট বোর্ড

বোর্ড সভায় জাতীয় দল অনুমোদনের পুরনো রীতি ফিরে আসছে ৯ আগস্ট। সেদিন সকালে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল গড়ে বোর্ডে জমা দেবেন নির্বাচকরা। এরপর বিসিবির অস্থায়ী কার্যনির্বাহী কমিটির সভায় তা উঠবে অনুমোদনের জন্য। এক যুগ আগে সাবের হোসেন চৌধুরী বিসিবির সভাপতি হওয়ার পর এভাবেই জাতীয় দল অনুমোদিত হত। ধারাটা টিকে ছিল তার মেয়াদকাল পর্যন্ত। দীর্ঘ বিরতি দিয়ে সেই ধারা ফিরে আসছে শুনে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের প্রশ্ন, "নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করার মতো কিছু ঘটবে নাকি?" আমিনুলের মতো ক্রিকেটাঙ্গনের আরো অনেকের কৌতুহল আছে বোর্ড সভায় দল অনুমোদন নিয়ে। যদিও নির্বাচকদের ক্ষমতা খর্ব হওয়ার মতো কিছু ঘটবে না বলেই আশ্বস্ত করেছেন নতুন বোর্ডের মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি। নির্বাচকদের গড়া দলকেই চূড়ান্ত বলে মনে করার মানসিকতারও জানান দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বোর্ড সভায় জাতীয় দল অনুমোদনের পুরনো রীতি ফিরে আসছে ৯ আগস্ট। সেদিন সকালে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল গড়ে বোর্ডে জমা দেবেন নির্বাচকরা। এরপর বিসিবির অস্থায়ী কার্যনির্বাহী কমিটির সভায় তা উঠবে অনুমোদনের জন্য। এক যুগ আগে সাবের হোসেন চৌধুরী বিসিবির সভাপতি হওয়ার পর এভাবেই জাতীয় দল অনুমোদিত হত। ধারাটা টিকে ছিল তার মেয়াদকাল পর্যন্ত। দীর্ঘ বিরতি দিয়ে সেই ধারা ফিরে আসছে শুনে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের প্রশ্ন, "নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করার মতো কিছু ঘটবে নাকি?" আমিনুলের মতো ক্রিকেটাঙ্গনের আরো অনেকের কৌতুহল আছে বোর্ড সভায় দল অনুমোদন নিয়ে। যদিও নির্বাচকদের ক্ষমতা খর্ব হওয়ার মতো কিছু ঘটবে না বলেই আশ্বস্ত করেছেন নতুন বোর্ডের মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি। নির্বাচকদের গড়া দলকেই চূড়ান্ত বলে মনে করার মানসিকতারও জানান দিয়েছেন তিনি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বোর্ডের সঙ্গে এখনো চুক্তিবদ্ধ। তাই এর বিরোধীতা করে কোনো মন্তব্য করবেন না, এটাই স্বাভাবিক। "আমরা দল দেওয়ার পর বোর্ড সভায় আলোচনা হবে। আমার মনে হয়, এটা শুধু আনুষ্ঠানিকতাই হবে"- ফারুক একথা বললেও ঘনিষ্ঠমহলে বোর্ড সভায় দল অনুমোদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলেই জানা গেছে। এমনকি তাদের গড়া দলে কাঁচি চালানোর আশঙ্কাও নাকি উঁড়িয়ে দিতে পারছেন না। ঘনিষ্ঠমহলে যদি আশঙ্কা প্রকাশ করেই থাকেন ফারুক, তাহলে বোর্ড মুখপাত্রের আনুষ্ঠানিক বক্তব্য আপাতত সেটাকে উড়িয়ে দিচ্ছে, "বোর্ডের মাধ্যমে দল অনুমোদন করিয়ে নেওয়াটাই নিয়ম হওয়া উচিত। তবে নির্বাচকদের দেওয়া দলই চূড়ান্ত বলে গন্য হবে। কিন্তু দলটা বোর্ডের মাধ্যমেই অনুমোদিত হতে হবে।" আহমেদ সাজ্জাদুল আলম ববির এই কথার প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন ঠিকই এসে যায়। পেশাদার নির্বাচকদের গড়া দলই যদি চূড়ান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে বোর্ড সভায় তা অনুমোদনের কোনো মানে দাঁড়ায় কী? জবাবে তিনি বলছেন, "এটাকে একটা আনুষ্ঠানিকতাই বলতে পারেন। কিন্তু মানে ঠিকই দাঁড়ায়। বোর্ড হচ্ছে এদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সুতরাং দলটা তাদের মাধ্যমেই অনুমোদিত হওয়া প্রয়োজন। আমার জানামতে সারা ক্রিকেট বিশ্বেই এই নিয়মটা মেনে চলা হয়।" নিয়ম মেনে চলার আবরণে অন্যরকম কিছু ঘটবে না তো? ক্রিকেটাঙ্গনের অনেকের এই সংশয়ে অবশ্য সায় নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের, "বোর্ড সভায় দল অনুমোদন করতে গিয়ে নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করার মতো কিছু ঘটবে বলে আমি আশঙ্কা করতে চাচ্ছি না। কারণ সেরকম কিছূ ঘটলে ভবিষ্যতে আর কেউই কিন্তু নির্বাচক হতে চাইবেন না। আশা করছি এটা শুধু একটা আনুষ্ঠানিকতাই হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২০৩৫ঘ.