সিডনি, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দুজনেরই গতি ঘণ্টায় ১০০ মাইলের কাঁটা ছাড়িয়েছে। ব্রেট লি এবং শন টেইট এক সঙ্গে উইকেটের দু প্রান্ত থেকে নতুন বলে আগুন ঝরাচ্ছেন- কোনো ব্যাটসম্যানের জন্যই সুখকর নয় দৃশ্যটা। কিন্তু অধিনায়কের জন্য তো নিশ্চয়ই। দৃশ্যটা কল্পনার চোখে দেখেই উদ্বেল রিকি পন্টিং! আর অস্ট্রেলিয়ান অধিনায়কের স্বপ্ন সত্যি হওয়াটা এখন স্রেফ সময়ের ব্যাপার। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষ নাগাদ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সিরিজে দুরন্ত গতির এই দুই ফাস্ট বোলারের রাশ ছেড়ে দেবে অস্ট্রেলিয়া।
সোমবার স্থানীয় এক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে পন্টিং জানিয়েছেন ঘটনাটা বাস্তবে দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। বলেছেন, "আর কিছু না হোক, স্রেফ গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন ছিড়েখুড়ে ফেলছে এমন দুজনকে একসঙ্গে পাওয়াটা রোমাঞ্চক। সময়টা যে তীব্র উত্তেজনাকর হবে এতে কোনো সন্দেহ নেই।"
সেই সত্তরের দশকে ডেনিস লিলি ও জেফ থমসনের পর দুই ভয়ঙ্কর গতিময় পেসার জুটি বাঁধতে যাচ্ছেন অস্ট্রেলিয়া দলে। কিন্তু সম্ভাবনাটায় খানিকটা ফোঁকড় আছে বলেও জানিয়েছেন পন্টিং। ৮ নভেম্বর গাবায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে গোড়ালির অস্ত্রোপচার থেকে সেরে ওঠা লির ফেরাটা মোটামুটি নিশ্চিত। কিন্তু কনুইয়ের অস্ত্রোপচার থেকে পুরোপুরি সেরে উঠেছেন কিনা, নির্বাচকদের কাছে সেই ফিটনেস প্রমানের দায় আছে টেইটের। তারপরও আশাবাদী পন্টিং, "দুজনেই যদি তাদের ফিটনেসের তুঙ্গে থাকে, তাহলে নিশ্চিত জানবেন প্রতিপক্ষের খবর আছে।"
(ওয়েবসাইটের সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬২৫ঘ.
bdnews24