ঢাকা, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সফরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া যুব দলের কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়া বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল আবার কক্ষপথে ফিরেছে। সোমবার তৃতীয় ম্যাচে তারা ৮ উইকেটের অনায়াস জয়ই পেয়েছে। সফরের প্রথম ম্যাচে অবশ্য ব্যবধান আরো বড় ছিল (১০ উইকেটে)।
মালয়েশিয়া এদিন অলআউটই হতে বসেছিল। কিন্তু ৩৫ দশমিক ২ ওভারে ৮ উইকেটে ১০৮ রান তোলার পর বৃষ্টি খেলা থামিয়ে দেওয়ায় প্রতিপক্ষকে অলআউট করাা সুযোগ পায়নি মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ৪ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। আরেক পেসার শুভাশিষ রায়ের শিকার তিন উইকেট। বৃষ্টির কারণে বাংলাদেশের টার্গেট পুনঃনির্ধারিত হয় ৩৫ ওভারে ১০২ রানের। মোহাম্মদ মিথুনের অপরাজিত ৪১ এবং রনি তালুকদারের ৩৫ রানের ঝড়ো ইনিংস দুটোর কল্যাণে মাত্র ১৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের তরুণরা।
মালয়েশিয়া সফরে বাংলাদেশ যুব দলের আর একটা ম্যাচ বাকি। মালয়েশিয়ার জাতীয় দলের বিপক্ষে সেই ম্যাচটা টুয়েন্টি টুয়েন্টি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১২ঘ.
bdnews24