ঢাকা, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক হওয়ার সুসংবাদ নিয়ে তিনি দেশে ফিরতে ফিরতেই এই খবর কিছুটা পুরনো হয়ে গিয়েছিল। লর্ডসে হওয়া পরবর্তী বিশ্বকাপের চারটি আয়োজক দেশের সভা শেষে গত বছর জুলাইতে দেশে ফিরে তবু বিমানবন্দরে বাড়তি একটা চমকপ্রদ তথ্য পরিবেশন করতে পেরেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি আলী আসগার লবী, "উদ্বোধনী অনুষ্ঠানের আগে ভারত-পাকিস্তান আমাদের এখানে একটা এক্সিবিশন ম্যাচ খেলবে।" উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশ পেয়েছে বিশ্বকাপের ছয়টি ম্যাচ আয়োজনের দায়িত্ব। আইসিসির চাহিদা অনুযায়ী কিছু প্রস্তুতি ম্যাচও হবে ঢাকাতে। এই দায়িত্বগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যে আন্তঃমন্ত্রণালয় সভাটি হয়ে গেল, তাতে অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গ ওঠেইনি। না উঠলেও ওই ম্যাচ আয়োজনের পরিকল্পনা এখনো বিসিবির আছে এবং যথাসময়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন নতুন কমিটির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি।
সে সময় এই ম্যাচ খেলার ব্যাপারে ভারত আর পাকিস্তানের সম্মতি নিয়ে ফিরেছেন বলেও দাবি করেছিলেন সাবেক সভাপতি। সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনামও সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম- কে তা নিশ্চিত করেছেন, "হ্যাঁ, দু'দেশের বোর্ডই আমাদের ওই ম্যাচটা খেলার ব্যাপারে আশ্বস্ত করেছিল।" পরিকল্পনায় ওই ম্যাচের অন্তর্ভুক্তির ব্যাখ্যাও দিয়েছেন এই কিছুদিন আগেও ২০১১ বিশ্বকাপের সাংগঠনিক কমিটির যুগ্ম সম্পাদকের পদে (বিসিবি সাধারন সম্পাদক হিসেবে) থাকা মাহবুব, "ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অনেক বড় ব্যাপার। এরকম একটা ম্যাচ করতে পারলে আর্থিকভাবেও বেশ লাভবান হওয়ার সুযোগ দেখেছি আমরা। সেই ভাবনা থেকেই আসলে ওই ম্যাচ আয়োজনের চিন্তাটা এসেছিল।"
আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী ওই ম্যাচ আয়োজনে একটা সুবিধাজনক সময় বের করারও ব্যাপার আছে। এখন যেহেতু তিনি নেই, তাই বর্তমান বোর্ডকেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সময় বের করার তাগিদ দিচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক, "আইসিসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট উদ্বোধনের পূর্ববর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ম্যাচ করা যাবে না। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচটা আরো আগেই আয়োজন করতে হবে। এখন নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। তাদের ওপরই নির্ভর করছে এই ম্যাচের ভবিষ্যত।"
বিশ্বকাপের উদ্বোধনের আগে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে অনাগ্রহ নেই নতুন বোর্ডেরও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে আহমেদ সাজ্জাদুল আলম ববি অন্তত তাই বলেছেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর পরই বিষয়টা সম্পর্কে অবহিত হয়েছি। এটা পরিকল্পনাতে আছেই। যথাসময়ে সংশ্লিষ্ট সব দেশ ও সংস্থার সঙ্গে আলাপ করে ওই পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।"
ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গ না উঠলেও সোমবারের আন্তঃমন্ত্রণালয় সভায় বিস্তারিত অনেক আলোচনাই হয়েছে। এতে ববি ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানসহ ছয়টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের নাম। প্র্যাকটিস ম্যাচ এবং প্র্যাকটিস ভেন্যুর জন্য প্রস্তাব করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামের নাম।
ক্রীড়া উপদেষ্টার সভাপতিত্বে হওয়া সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ২০১১ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে বাংলাদেশের সাফল্যের জন্য প্রধান কিছু করণীয়ও ঠিক করা হয়েছে। এই যেমন স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ, স্থানীয় সাংগঠনিক কমিটি গঠন, স্থানীয় অফিস ও স্টেডিয়াম অফিস স্থাপন এবং আইসিসিকে ভিসা, শুল্ক ও নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা প্রদান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৫৪ঘ.
bdnews24