২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আকিব

প্রতিভা থাকলেই হয় না, সঙ্গে চাই পরিশ্রম। নয়তো সাফল্য এলেও তা ধরে রাখা যায় না। পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতারের মূল্যায়ন এভাবেই করেছেন আকিব জাভেদ। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মতো গ্রেটদের সঙ্গে সমান তালে নতুন বলে আগুন ঝরিয়েছেন একসময়। পাকিস্তানের বোলিং কোচ আকিবের পরিচয়টা তাই হেলাফেলার নয়। উপেক্ষার নয় তার মূল্যায়ন। শোয়েবের ভবিষ্যত নিয়ে শঙ্কা জানিয়েছেন আকিব। তার মতে এভাবে চললে খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেটে টিকবেন না শোয়েব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

করাচি, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রতিভা থাকলেই হয় না, সঙ্গে চাই পরিশ্রম। নয়তো সাফল্য এলেও তা ধরে রাখা যায় না। পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতারের মূল্যায়ন এভাবেই করেছেন আকিব জাভেদ। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মতো গ্রেটদের সঙ্গে সমান তালে নতুন বলে আগুন ঝরিয়েছেন একসময়। পাকিস্তানের বোলিং কোচ আকিবের পরিচয়টা তাই হেলাফেলার নয়। উপেক্ষার নয় তার মূল্যায়ন। শোয়েবের ভবিষ্যত নিয়ে শঙ্কা জানিয়েছেন আকিব। তার মতে এভাবে চললে খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেটে টিকবেন না শোয়েব। শোয়েবকে বড় জোর দু' বছরের সময়সীমা বেঁধে দিয়ে আকিব বলেছেন, "ও খুবই খেয়ালী, নিজে ছাড়া আর কেউ বলতে পারবে না ও ঘুম ভাঙার পর কি করবে। অথচ প্রত্যেক খেলোয়াড়েরই উচিত অনুশীলন করা এবং যে কোনো কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত থাকা।" গত সপ্তাহে ঘাড়ের ব্যথার অনুযোগ নিয়ে করাচির ট্রেনিং ক্যাম্প ছেড়ে গেছেন শোয়েব। ম্যানেজার তালাত আলী অবশ্য জানিয়েছেন শোয়েবকে এক সপ্তাহ বিশ্রামে থাকার উপদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে নতুন করে ইনজুরি হুমকি হয়ে দেখা দিয়েছে শোয়েবের সামনে। বারবার ফিটনেস সমস্যা ও হাঁটুতে অস্ত্রোপচারের কারণে গত ১৫ মাসে মাত্র একটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছেন তিনি পাকিস্তানের হয়ে। শোয়েবের এখনকার সমস্যা কতটা গুরুতর, সেটাও একমাত্র শোয়েবই বলতে পারেন বলে ধারণা আকিবের, "একজন খেলোয়াড়ই জানেন তার ফিটনেসের কি অবস্থা। তাই তার ঘাড়ের সমস্যা নিয়ে আগে থেকে কিছু বলার জো নেই।" টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য অনুশীলন ম্যাচগুলোয় শোয়েবের পারফরম্যান্স ছিল মিশ্র। লাহোরে দুর্দান্ত বল করলেও করাচিতে একদমই বিবর্ণ ছিলেন। সমালোচনা করে আকিব বলেছেন, "শোয়েবের সমস্যা হলো দুয়েক সপ্তাহ কোনো কারণে ক্রিকেটের বাইরে থাকলে সে বলই ধরে না। এতে সে তার ছন্দ আর একাগ্রতা হারিয়ে ফেলে।" আকিবের পরামর্শ হচ্ছে শোয়েবের উচিত বিশ্রামে থাকলেও প্রতিদিন দুয়েক ওভার বল করা যাতে ফিটনেস ও ফর্ম বিচার করার জন্য তাকে আবারও শূন্য থেকে শুরু করতে হয়। যোগ করেছেন, "আন্তর্জাতিক ক্যারিয়ারের এই শেষ ক' বছরে যদি কঠোর পরিশ্রম না করে, তাহলে ভবিষ্যতে প্রচুর সমস্যায় ভুগতে হবে তাকে।" ওয়েবসাইট-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৪৫ঘ.