২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় আতাপাত্তু

অভিমানে, নাকি নিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে- বলা যাচ্ছে না। মারভান আতাপাত্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিপত্র থেকে অব্যহতি চেয়েছেন। এতে জাতীয় দলে তার ভবিষ্যত আরো অনিশ্চিত হয়ে গেলো। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সোমবার এক বৈঠকে তাদের সিদ্ধান্ত জানাবে এ ব্যাপারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

কলম্বো, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অভিমানে, নাকি নিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে- বলা যাচ্ছে না। মারভান আতাপাত্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিপত্র থেকে অব্যহতি চেয়েছেন। এতে জাতীয় দলে তার ভবিষ্যত আরো অনিশ্চিত হয়ে গেলো। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সোমবার এক বৈঠকে তাদের সিদ্ধান্ত জানাবে এ ব্যাপারে। আগামী বছর মার্চে আতাপাত্তুর বর্তমান চুক্তিটি শেষ হবে। তবে গত কয়েকটি মাস খুব একটা সুখকর ছিল না এই সাবেক অধিনায়কের জন্য। ডান হাতি ওপেনার আতাপাত্তু বিশ্বকাপে উপেক্ষিত হয়েছেন, ডাক পাননি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজে নির্বাচকরা তাকে দলে নিলেও ব্যক্তিগত সমস্যার দোহাই দিয়ে সরে দাঁড়ান আতাপাত্তু। তখন পর্যন্ত ব্যাপারটাকে অভিমান ধরে নেওয়া হলেও এখন তা ভিন্ন রূপ নিয়েছে ভারতীয় বিদ্রোহী ক্রিকেট সিরিজ 'আইসিএল'এর সঙ্গে তার নাম জুড়ে যাওয়ায়। ইংল্যান্ডে ল্যাশিংস একাদশের হয়ে খেলছেন আতাপাত্তু, শোনা যাচ্ছে আইসিএল-এ নাম লেখাচ্ছেন তিনি। ক্রিকেট বোর্ড সেক্রেটারি কাঙ্গাদারান মাথিয়াভানান নিশ্চিত করেছেন আতাপাত্তুর আবেদনের কথা, "কেন্দ্রীয় চুক্তিপত্র থেকে অব্যহতি চেয়ে শুক্রবার প্রধান নির্বাহী দুলীপ মেন্ডিসের কাছে একটি চিঠি পাঠিয়েছে মারভান।" সোমবার আতাপাত্তু ছাড়াও আইসিএল-এ খেলতে ইচ্ছুক ক্রিকেটারদের নিষিদ্ধ করা হবে কি না- সে ব্যাপারেও সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। টেস্টে ৩৮.৯০ গড়ে ১৬টি সেঞ্চুরিসহ ৫ হাজার ৩৩০ রান করেছেন আতাপাত্তু। ওয়ানডেতে তার ৩৭.৫৭ গড়ে রয়েছে ৮ হাজার ৫২৯ রান। ম্যাচ ও ট্যুর ফি ছাড়াও বার্ষিক এক লাখ ডলারে পারিশ্রমিক পাওয়া আতাপাত্তু চুক্তি বাতিল করলে তার ভবিষ্যত নিশ্চিতভাবে অনিশ্চয়তার মুখে পড়বে। কারণ তাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ হবে না তার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০৫ঘ.