করাচি, ২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ডোপিং টেস্টের ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুনছে পাকিস্তান। সেটা পেলেই সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে তারা। তার আগ পর্যন্ত সম্ভাব্যদের মধ্যে নিয়মিতই প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। এবং এখন পর্যন্ত যা শোনা গেছে তাতে দলের মধ্যে আগের মতোই বিশৃংখলা ও অসন্তোষ। শোয়েব আখতারকে সতর্ক করে দেওয়া হয়েছে, শহীদ আফ্রিদি অনুযোগ করেছেন ম্যাচের উইকেট নিয়ে আর মোহাম্মদ ইউসুফ অভিমান করে চলে গেছেন ক্যাম্প ছেড়ে।
ইউসুফ কারণ দেখিয়েছেন তার মা অসুস্থ । সে কারণেই ক্যাম্প ছেড়ে যাচ্ছেন। আর ফিরবেন না। ম্যানেজার তালাত আলী সমর্থন করেছেন তার বক্তব্য। বুধবারই ইউসুফ লাহোরের উদ্দেশ্যে রওনা হলেও যানজটের কারণে ফ্লাইট মিস করায় ফিরে আসেন। তবে তার এই ক্যাম্প ছাড়ার পেছনে অন্য কারণ শোনা যাচ্ছে। বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না জেনেই নাকি অভিমানে চলে গেছেন তিনি। জানা গেছে ইউসুফ ও আবদুর রাজ্জাকের বদলে মিসবাহ-উল হক ও শহীদ ইউসুফকে খেলাতে আগ্রহী নির্বাচকরা। দুজনের বিরুদ্ধেই প্র্যাকটিস ম্যাচগুলোতে গা না লাগিয়ে খেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ শোয়েবকে নিয়েও। সোমবার এক প্র্যাকটিস ম্যাচে ৭ ওভার বল করে প্রচুর রান দিয়েছেন। রাগ করে ড্রেসিংরুমের একটি জানালা ভেঙেছেন তারপর। পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ এরপর তাকে ডেকে সতর্ক করে দিয়েছেন। এছাড়া প্র্যাকটিসে ম্যাচে শর্টস পড়ে খেলার জন্য নির্বাচকরা ক্ষুব্ধ হয়েছেন শোয়েবের উপর। এছাড়া ফিটনেস সমস্যাও হচ্ছে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে খ্যাত এই ফাস্ট বোলারের। শোয়েব তা মানছেন না। বলেছেন, "এটা মামুলী একটা সমস্যা। ঘাড়ে একটু টান লেগেছে। আমি পুরোপুরি ফিট আছি। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপকে আমি যথেষ্টই গুরুত্বের সঙ্গে নিয়েছি।"
গুরুত্বের সঙ্গে নিয়েছেন শহীদ আফ্রিদিও। আসন্ন এই বিশ্বকাপে সে অর্থে কোনো ফেবারিট নেই বলে মনে করেন ড্যাশিং এই অলরাউন্ডার। এমনকি অস্ট্রেলিয়াও নয়। বলেছেন, "এই প্রথমবার অস্ট্রেলিয়াকে ফেবারিট ভাবা যাচ্ছে না। এটা এমন একটা প্রতিযোগিতা যা যে কেউ জিততে পারে। টুয়েন্টি টুয়েন্টিতে স্কটল্যান্ডকেও হেলাফেলা করার জো নেই, তারাও ভালো খেলে হারিয়ে দিতে পারে যে কাউকেই।" নিজে দারুণ কিছু করার জন্য মুখিয়ে আছেন। পাকিস্তানকে অনেকখানি এগিয়ে রাখছেন দলের বোলিং শক্তির কারণে। তবে করাচির প্র্যাকটিস উইকেটগুলোতে সন্তুষ্ট নন আফ্রিদি। তার ভাষায়, "এরকম ফ্লাট উইকেট নিয়ে আমি একদমই খুশী নই, এতে বোলারদের জন্য কিছু নেই। টুয়েন্টি টুয়েন্টি ব্যাটসম্যানদের খেলা হলেও, দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর মাসের কন্ডিশন বোলারদের জন্য অনুকুল। তাই তারা বিশ্বকাপে ফ্লাট উইকেট বানাবে এমন ভাবাটা ভুল। ওয়ান্ডারার্স ও জোহানেসবার্গের উইকেটে সে সময় প্রচুর বাউন্স এবং গতি পাবে বোলাররা।"
(ওয়েবসাইটের সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৪৫ঘ.
bdnews24