২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কমিটির দুই সদস্যকে নিয়ে প্রশ্ন

প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি ঘোষিত হওয়ার পর থেকেই এর দুই সদস্যকে নিয়ে ফিসফাস শোনা যাচ্ছিল। বুধবার নতুন কমিটির প্রথম সভা শেষে হওয়া সংবাদ সম্মেলনেই তা প্রকাশ্যে আসলো। এবং তাদের নিয়ে প্রশ্নের ঝাপটা একাই সামাল দিতে হলো বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। প্রথম সভায় গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পাওয়া অনুপস্থিত দুই সদস্য সেলিম ভুইয়া এবং মির্জা সালমান ইস্পাহানীকে জড়িয়ে সমস্ত প্রশ্ন অবশ্য এড়িয়েই যেতে চেয়েছেন তিনি। তাই বলে তাদের নিয়ে তৈরি হওয়া বিতর্কটা কিন্তু চাপা থাকেনি একদম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি ঘোষিত হওয়ার পর থেকেই এর দুই সদস্যকে নিয়ে ফিসফাস শোনা যাচ্ছিল। বুধবার নতুন কমিটির প্রথম সভা শেষে হওয়া সংবাদ সম্মেলনেই তা প্রকাশ্যে আসলো। এবং তাদের নিয়ে প্রশ্নের ঝাপটা একাই সামাল দিতে হলো বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। প্রথম সভায় গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পাওয়া অনুপস্থিত দুই সদস্য সেলিম ভুইয়া এবং মির্জা সালমান ইস্পাহানীকে জড়িয়ে সমস্ত প্রশ্ন অবশ্য এড়িয়েই যেতে চেয়েছেন তিনি। তাই বলে তাদের নিয়ে তৈরি হওয়া বিতর্কটা কিন্তু চাপা থাকেনি একদম। তারা দু'জনেই এখন বিদেশে অবস্থান করছেন। এদের মধ্যে কেবল একজনের ফেরার দিন তারিখ জানেন ববি, "আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। তবে আজকের সভায় অনুপস্থিত দুই সদস্যের একজন ১০ আগস্ট দেশে ফিরবেন বলে জেনেছি। অন্যজনেরটা আমি জানি না।" যতোদূর খবর, ১০ আগস্ট দেশে ফিরছেন মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যানের পদ পাওয়া সালমান ইস্পাহানী। অভিযোগটা অবশ্য ওই কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম ভুইয়ার বিরুদ্ধেই বেশি। ঢাকা ক্লাবের সভাপতি এই ব্যবসায়ী বর্তমানে 'পলাতক' আছেন বলেই সর্বমহলের ধারণা। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তিনি 'পলাতক' কিনা এই প্রশ্ন করলেন একাধিকবার এবং ববি কূটনৈতিক উত্তর দিয়ে এড়িয়ে গেলেন সেগুলো। পদত্যাগী বোর্ডের সদস্য সালমানের বিরুদ্ধে অভিযোগ এতোটা জোরালো নয় অবশ্য। আবার তার বোর্ড সভায় নিয়মিত উপস্থিত না হওয়ার বিষয়টা একেবারে ফেলনাও নয় । পদত্যাগী বোর্ডের আরেক সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানাচ্ছেন, "পরপর তিনটি বোর্ড সভায় উপস্থিত না হলে সদস্যপদ খারিজ করে দেওয়ার বিধান গঠনতন্ত্রে আছে। আমাদের বোর্ডের শেষ সভায় সদস্যপদ বাতিলের জন্য কয়েকজনের তালিকা তৈরি করে তা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর সিদ্ধান্তও হয়েছিল। ওই তালিকায় সালমান ইস্পাহানীরও নাম ছিল।" অথচ পালিয়ে থাকা এবং বোর্ডকে ঠিকমতো সময় দিতে না পারার অভিযোগে অভিযুক্ত দুই সদস্য পেয়েছেন কমার্শিয়াল কমিটির গুরুদায়িত্ব। যেখানে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের স্পনসর ঠিক করার বিষয় আছে, আছে জাতীয় দলের টাইটেল স্পনসর খোঁজার মিশন, সেখানে এমন দুজন লোককে দায়িত্ব দেওয়ার পেছনে যুক্তিটা কী ছিল? অভিযোগসহ এমন প্রশ্নই সংবাদ সম্মেলনে শুনতে হলো ববিকে। এরকম স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করার বিপদে কিছুতেই যেতে চাইলেন না নতুন বোর্ডের লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটিরও চেয়ারম্যান, "দেখুন এই কমিটির সদস্যদের নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে তাই সবারই কাজ করার অধিকার আছে। সেজন্যই সবাই কোনো না কোনো কমিটিতে আছেন।" তবে স্পনসর খোঁজার বিষয়ে ওই দুজনের উপস্থিতি নিয়ে যে এখনো নতুন বোর্ডের সদস্যদের মধ্যে সন্দেহ রয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে গেছে ববির আরেক কথায়, "স্পনসরশিপের কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শিগগিরই আরো কয়েকজনকে দায়িত্ব দিতে যাচ্ছি।" ক্রিকেট বোর্ডে সংস্কারের পেছনে আগের বোর্ডের বিভিন্ন কার্যক্রম নিয়ে তদন্তে নামার উদ্দেশ্যও ছিল। সেটার কতোদূর? এই প্রশ্নে ববির উত্তর, "জরুরী ভিত্তিতে ফয়সালা হওয়া দরকার এমন কিছু বিষয় আজ আমাদের সামনে ছিল। সেসব বিষয়েই আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে অন্যগুলোও করা হবে। বোর্ডের পরবর্তী সভাগুলোতে সেগুলো এজেন্ডা আকারে উঠবে। কিন্তু আজই সব করা সম্ভব হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩১৫ঘ.