২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডের প্রথম সভায় কোচের বিষয়ে সময় নিয়ে এগোনোর সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগের ব্যাপারে আগের কমিটির তালিকা পুরোপুরি বাতিল করে দেবে না নতুন বোর্ড, কিন্তু পুরোপুরি সেটা অনুসরণ করেও এগোবে না তারা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের কমিটির তৈরি করা তালিকার তিন জনের (অস্ট্রেলিয়ার জেমি সিডন্স, জন হার্মার এবং জিম্বাবুয়ের ডেভ হটন) পাশাপাশি আরও কোচের সন্ধান করা হবে এবং তারপর ধীরে-সুস্থে নিয়োগ করা হবে নতুন কোচ। আর সে কাজে বেশ কিছু সময় লাগবে ধারণা করে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও কোচের দায়িত্ব পালন করবেন অস্থায়ী কোচ শন উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগের ব্যাপারে আগের কমিটির তালিকা পুরোপুরি বাতিল করে দেবে না নতুন বোর্ড, কিন্তু পুরোপুরি সেটা অনুসরণ করেও এগোবে না তারা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের কমিটির তৈরি করা তালিকার তিন জনের (অস্ট্রেলিয়ার জেমি সিডন্স, জন হার্মার এবং জিম্বাবুয়ের ডেভ হটন) পাশাপাশি আরও কোচের সন্ধান করা হবে এবং তারপর ধীরে-সুস্থে নিয়োগ করা হবে নতুন কোচ। আর সে কাজে বেশ কিছু সময় লাগবে ধারণা করে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও কোচের দায়িত্ব পালন করবেন অস্থায়ী কোচ শন উইলিয়ামস। এটা ছিল বোর্ডের নবগঠিত অস্থায়ী কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং, তাই সদস্যদের নিজেদের আলাপ-পরিচয়ের পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে ১৭টি স্ট্যান্ডিং কমিটি। এছাড়া ফাহিম মুনেমকে সভাপতি করে গঠিত হয়েছে ৬ সদস্যবিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটিও। ''আগের কমিটি নতুন কোচ নিয়োগের জন্য যে তিনজনের তালিকা করেছিল আমরা তাদের সাক্ষাৎকার নেবো। পাশাপাশি দেখব যোগ্য অন্য কাউকে পাওয়া যায় কিনা। তারপর তাদের মধ্য থেকে একজনকে কোচ হিসেবে নিয়োগ দেবো। তাছ্ড়াা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের পরবর্তী সিরিজের আগে বেশ খানিকটা সময়ও আছে। তাই এই বোর্ড আরো দেখেশুনে সিদ্ধান্ত নেবে বলে ঠিক করেছে"- মিটিং থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। একইসঙ্গে তিনি জানিয়েছেন শন উইলিয়ামসকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে কোচ হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্তের কথা। ম্যানেজার মনোনীত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার তানজীব আহসান সাদ। মেয়াদ শেষ হয়ে গেছে প্রধান নির্বাচক ফারুক আহমেদসহ দুজন নির্বাচকের। বোর্ডের বিশেষ অনুরোধে তারা এক মাস মেয়াদ বৃদ্ধিতে রাজি হওয়াতে সমস্যার অস্থায়ী সমাধান হয়েছে। এখন স্থায়ীভাবে নির্বাচক নিয়োগের জন্য একটা নির্বাচক বাছাই কমিটি গঠিত হয়েছে বোর্ডের সভায়। সেই কমিটি চেয়ারম্যান হচ্ছেন শফিকুর রহমান মুন্না। ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর সঙ্গে সদস্য হিসেবে আছেন ইশতিয়াক আহমেদ। গাজী আশরাফ লিপু একইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি বলে গন্য ক্রিকেট অপারেশন্স কমিটিরও চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সেই কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না, সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি। এছাড়া ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) অভিভাবকত্বও বর্তেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিপুর কাঁধেই। ফাহিম মুনেমকে সভাপতি করে গঠিত হয়েছে ৬ সদস্যের ওয়ার্কিং কমিটি। ''মাঝে-মধ্যে কিছু জরুরী পরিস্থিতি তৈরি হয়। তখন সিদ্ধান্ত নিতে বোর্ড মিটিং ডাকা সম্ভব হয় না। এই কথা মাথায় রেখেই বোর্ড পরিচালনা মসৃণ করার জন্য এই ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে। এরকম কমিটি করার উদাহরণ আগেও ছিল''- ওয়ার্কিং কমিটি সংক্রান্ত ব্যখ্যায় বলেছেন সাজ্জাদুল আলম ববি। এই কমিটির ভাইস চেয়ারম্যান হচ্ছেন লে. কর্ণেল (অব.) আব্দুল লতিফ। ৪ সদস্য শফিকুর রহমান মুন্না, গাজী আশরাফ লিপু, সালমান ইস্পাহানি এবং সাজ্জাদুল আলম ববি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার লতিফ অবশ্য তিনটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদও পেয়েছেন। সেগুলো হচ্ছে - ডিসিপ্লিনারি কমিটি, গেম ডেভলপমেন্ট কমিটি এবং টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি। মার্কেটিং এবং কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে মির্জা সালমান ইস্পাহানী এবং সেলিম ভুইয়া। ফিনান্স কমিটির ওই দুটি বড়ো পদ পেয়েছেন এম আব্দুল মোমেন এবং ফিরোজ আহমেদ। নতুন সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে ১২ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। দেশের বাইরে থাকায় মিটিংয়ে থাকতে পারেননি সালমান ইস্পাহানি এবং সেলিম ভুইয়া। এই মিটিংয়ে বিসিবির সমস্ত চেকে সই করার ক্ষমতা দেওয়া হয়েছে সভাপতি এবং ফিনান্স কমিটির চেয়ারম্যানকে। ওয়ার্কিং কমিটি : চেয়ারম্যান - সৈয়দ ফাহিম মুনেম, ভাইস চেয়ারম্যান - লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, সদস্য - শফিকুর রহমান মুন্না, গাজী আশরাফ হোসেন লিপু, মির্জা সালমান ইস্পাহানী এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। ক্রিকেট অপারেশন্স কমিটি : চেয়ারম্যান - গাজী আশরাফ হোসেন লিপু, ভাইস চেয়ারম্যান - শফিকুর রহমান মুন্না এবং সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি। ফিনান্স কমিটি : চেয়ারম্যান আব্দুল মোমেন এবং ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ। ডিসিপ্লিনারি কমিটি : চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান এবং ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। গেম ডেভলপমেন্ট কমিটি : চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান এবং ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। টুর্নামেন্ট কমিটি : চেয়ারম্যান সেলিম ভুইয়া এবং ভাইস চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। আম্পায়ার্স কমিটি : চেয়ারম্যান ফিরোজ আহমেদ এবং ভাইস চেয়ারম্যান এম আব্দুল মোমেন। গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটি : চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না এবং ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। সিসিডিএম : চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু এবং ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ। মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি : চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী এবং ভাইস চেয়ারম্যান সেলিম ভুইয়া। মেডিক্যাল কমিটি : চেয়ারম্যান সেলিম ভুইয়া এবং ভাইস চেয়ারম্যান এম আব্দুল মোমেন। টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি : চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান এবং ভাইস চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি : চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। অডিট কমিটি : চেয়ারপারসন মনোয়ারা আনিস খান এবং ভাইস চেয়ারপারসন সেলিম ভুইয়া। উইমেন্স উইং কমিটি : চেয়ারপারসন মনোয়ারা আনিস খান। লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি : চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। সিলেক্টরস অ্যাপয়েন্টমেন্ট কমিটি : চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না, ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু এবং সদস্য ইশতিয়াক আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.