সিডনি, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শেন ওয়ার্ন নেই। নেই গ্লেন ম্যাকগ্রা, জাস্টিন ল্যাঙ্গার। কিন্তু বিশ্বমানের এই খেলোয়াড়রা না থাকলেও নখদন্তহীন নয় অস্ট্রেলিয়া। ধারণাটা ট্রেভর বেইলিসের। শ্রীলঙ্কার নতুন কোচ মনে করেন নভেম্বরে অস্ট্রেলিয়া সফর বরাবরের মতোই কঠিন পরীক্ষা হতে যাচ্ছে তার দলের জন্য। তার অভিমত অস্ট্রেলিয়াকে হারানো এখনও "যে কোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ"।
অস্ট্রেলিয়ান পত্রিকা 'সিডনি মর্নিং হেরাল্ড'কে দেওয়া এক সাক্ষাতকারে বেইলিস বলেছেন, "অস্ট্রেলিয়াকে হালকা চালে নিতে আমি রাজি নই। কেউ এমন ভাবলে তার জন্য অপেক্ষা করছে চরম শাস্তি। ম্যাকগ্রা নেই, তার বদলে আছে স্টুয়ার্ট ক্লার্ক। ওয়ার্ন নেই, তার বদলে খেলছে স্টুয়ার্ট ম্যাকগিল। দুজনেই বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে শ'য়ে শ'য়ে উইকেট পেয়েছে। তাই দারুণ এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।"
নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে থাকা বেইলিস তারই স্বদেশী অস্ট্রেলিয়ান টম মুডির উত্তরসূরী হিসেবে শ্রীলঙ্কার কোচের পদে নিয়োগ পেয়েছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন, তারপর দলকে গড়ে তুলবেন সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য। তবে তার মাথায় ভালোভাবেই রয়েছে অস্ট্রেলিয়া সফর। বিশেষ করে মুত্তিয়া মুরালিধরনের প্রতি স্থানীয় ক্রিকেটপ্রেমীদের বৈরি আচরণ। আর ৯টি উইকেট পেলেই শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ড নিজের করে নেবেন এই অফ স্পিনার। বেইলিসের মতে, "অস্ট্রেলিয়ান দর্শকরা ওর ওপর রুষ্ট কারণ সে দুর্দান্ত একজন খেলোয়াড়, তাকে বিচলিত করতেই অমনটা করে তারা। যদি বা যখন সে ওয়ার্নের রেকর্ডটা ভাঙবে, দেখার মতো দৃশ্য হবে সেটা।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০০ঘ.
bdnews24