মাসুদ পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, ৩১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর সাংবাদিকরা বিষয়টা তুলেছেন তার কানে । এরপর থেকেই মোহাম্মদ আশরাফুল অপেক্ষায় আছেন। যদিও জানেন না এই অপেক্ষার শেষে আসলেই কোনো প্রস্তাব আসবে কিনা। মঙ্গলবার বিকেলে টেলিফোনে "খবর কী?" জানতে চাওয়ার পরপরই প্রকাশ পেল বাংলাদেশ অধিনায়কের অপেক্ষার তীব্রতা, "কই, এখনো তো কেউ আমার সঙ্গে যোগাযোগ করলো না।" এখনো পরম আকাঙ্খিত ফোন কলটা না পেলেও জি স্পোর্টসের আয়োজনে অক্টোবরে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) নামে ক্যারি প্যাকার সিরিজের নবতর যে সংস্করণ মাঠে গড়াচ্ছে, তা নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কৌতুহল চাপা থাকছে না।
ক্যারি প্যাকার সিরিজে নাম লেখানো প্রত্যেকেই কিন্তু নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে 'বিদ্রোহী'র আখ্যা পেয়েছিলেন। আইসিএলে নাম লেখাতে চাওয়া অনেক ক্রিকেটারদেরও ভেবে দেখতে হচ্ছে এদিকটা। টুয়েন্টি টুয়েন্টির আদলে হতে যাওয়া এই আসরে অঢেল অর্থের হাতছানি আছে ঠিকই। সেই সঙ্গে আছে ক্রিকেট বোর্ডগুলোর চোখরাঙ্গানিও। এখানে খেললে তাদের সঙ্গে সব সম্পর্ক চুকেবুকে যাবে, সে দেশের ক্রিকেটারদের জন্য এমন ঘোষণা দিয়েই রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের পদাঙ্ক অনুসরণ করছে অন্য প্রায় সব বোর্ডও। বিশেষ করে চুক্তিভুক্ত ক্রিকেটারদের জন্যই কড়াকড়িটা বেশি। তবুও এখানে খেলে নিজ দেশের ক্রিকেট বোর্ডকে চটাবেন কিনা, এই নিয়ে দোটানায় আছেন শেন ওয়ার্নের মতো অবসরে যাওয়া ক্রিকেটারও। সেখানে 'বিদ্রোহী' হিসেবে চিহ্নিত হতে না চাওয়ার বিষয়টা চুক্তিভুক্ত মোহাম্মদ আশরাফুলদের মাথায় থাকতে বাধ্য।
হাবিবুল বাশারের মাথায় যেমন এটা খুব ভালোভাবেই আছে। আইসিএল নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে বাংলাদেশের সফলতম অধিনায়ক তাই আগেভাগে বলে নিচ্ছেন, "আমাকে এখনো কোনো প্রস্তাব দেওয়া হয়নি। যদি প্রস্তাব আসেও, সেটা গ্রহণ করার আগে অনেক চিন্তা-ভাবনা করতে হবে। জানেন তো, আইসিএলে খেলতে হলে বিস্তর ঝক্কিও আছে। তাছাড়া আমি তো বিসিবির সঙ্গে এখনো চুক্তিবদ্ধ।"
অবশ্য আইসিএলে ডাক পাওয়ার জন্য বাংলাদেশ থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা হাবিবুলের মতো মোহাম্মদ রফিকও আগ্রহ প্রকাশে সাবধানী, "প্রস্তাব পেলে ভেবে দেখবো। তবে ওই টুর্নামেন্টে খেলার সঙ্গে অনেক ব্যাপার-স্যাপার জড়িয়ে আছে। যেমন আইসিসির অনুমতি আছে কিনা। কিংবা বোর্ড খেলতে দেবে কিনা।"
আইসিএলে তারাই ডাক পাচ্ছেন যারা ইতিমধ্যে অবসর নিয়ে ফেলেছেন কিংবা যাদের অবসরের সময় ঘনিয়ে আসছে। সেই হিসাবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের নামও আসতে পারে। তিনি যদিও মনে করেন, "মনে হয় না আমার কাছে প্রস্তাব আসবে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছি তো বহুদিন হয়ে গেল। প্রস্তাব আসলে হাবিবুল-রফিকদের কাছেই আসার কথা। তারপরও যদি প্রস্তাব পাই তাহলে খেলবো। তবে সেজন্য বিসিবির অনুমোদন লাগবে আমার।" প্রসঙ্গত, একই সঙ্গে বিসিবির ক্রিকেট একাডেমীর অপারেশন্স ম্যানেজার ও সহকারী কোচ পদে কর্মরত আছেন মাহমুদ।
চুক্তির বাধ্যবাধকতার কথা মনে রেখেই হাবিবুল তার আইসিএলে খেলার আগ্রহের কথা ব্যক্ত করে দিচ্ছেন, "আমি আরো তিন বছর ক্রিকেট খেলবো। এখনো নিজেকে যথেষ্ট ফিট বলেই মনে করি আমি। প্রস্তাব পেলে যদি দেখি সেটা বিসিবির চুক্তির সঙ্গে কোনো বিরোধ তৈরি করছে না, তাহলে অবশ্যই খেলবো।"
বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মাত্র একটা সিরিজ পার করা আশরাফুলেরও আইসিএলে খেলার আগ্রহ প্রকাশে কোনো লুকোছাপা নেই, "সেখানে খেলতে পারলে তো ভালোই হবে। কিন্তু এটা নির্ভর করবে তখন আমাদের জাতীয় দলের খেলা আছে কিনা এবং বোর্ড অনুমতি দেবে কিনা, এসব কিছুর ওপর।"
আইসিএল মাঠে গড়াবে অক্টোবরে। আর তখন বাংলাদেশেরও কোনো খেলা নেই। এদেশের ক্রিকেটাররা কেউ প্রস্তাব পেয়ে তাতে সাড়া দিতে গেলে কী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাধা দেবে? প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান জবাবটা দিচ্ছেন এভাবে, "বোর্ডের চুক্তির বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। কিন্তু চুক্তিভুক্ত ক্রিকেটাররা কোথাও খেলতে গেলে অবশ্যই আমাদের জানিয়ে যেতে হবে। অক্টোবরে জাতীয় দলের কোনো খেলা নেই ঠিকই। তখন কেউ প্রস্তাব পাওয়া সাপেক্ষে আইসিএলে খেলতে চাইলে আমাদের সিদ্ধান্ত কী হবে, তা এখনই বলা মুশকিল। ঘটনা ঘটার আগেই সিদ্ধান্ত দেই কী করে! আগে কেউ আবেদন করুক। তারপরে দেখা যাবে।" এখন বাংলাদেশের ক্রিকেটারদের আইসিএল কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাব পাওয়ার আকাঙ্খা বেড়ে যেতে পারে বহুগুণ। বিসিবির অবস্থান যে বেশ নমনীয়ই মনে হচ্ছে!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯২৫ঘ.
bdnews24