করাচি, ৩১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পাকিস্তান দল সম্পর্কে ক্রিকেট বিশ্বে একটা কথা খুব চলে- আনপ্রেডিক্টেবল। আগে থেকে বোঝার উপায় নেই তারা কি করবে। আর এটাকেই এবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন জিওফ লসন। পাকিস্তানের নতুন কোচ চাইছেন এই অননুমেয়তাকে কাজে লাগিয়ে দলকে বিশ্বসেরা বানাতে। স্থানীয় দ্য নিউজ পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, "আগে থেকে অনুমান করতে না পারার ব্যাপারটা একদিক থেকে যেমন সমস্যা, তেমনি আবার কাজেরও। প্রতিপক্ষকে বিহ্বল করে দিতে তা কাজে লাগাতে চাই আমরা।"
তার খেলোয়াড়দের 'প্রতিভাবান, কুশলী এবং আনন্দদায়ী' বিশেষণ দিয়ে লসন আরো বলেছেন, "অবশ্যই পাকিস্তান বিশ্বের এক নম্বর দল হওয়ার ক্ষমতা রাখে। বিশ্বসেরা হওয়ার মতো সহজাত প্রতিভা এবং শৈলী এদলের আছে।" এবং পাকিস্তানের কোচ হওয়া বিশ্বের সবচেয়ে চাপযুক্ত দায়িত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি, "চাপ তখনই তৈরি হয়, যখন খেলোয়াড় এবং কোচিং কর্মকর্তারা অনুভব করেন যে বাইরের প্রভাব তাদের ব্যক্তিগত লক্ষ্যকে নিয়ন্ত্রণ করছে। যদি খেলোয়াড়রা নিজেই নিজের পারফরম্যান্স ও নিয়তির নিয়ন্তা হয়, তখন তারা ক্রিকেটকে উপভোগ করবে। সেটা জিতলেও, হারলেও। ঠিক মতো সুশৃংখলভাবে অনুশীলন করলে ম্যাচের যে কোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা তৈরি হয়, তখন যে চাপে পড়ার মতো পরিস্থিতিগুলো এড়ানো যায়।"
বন্ধুমহলে হেনরি নামেই বেশি পরিচিত লসন এখনও পাকাপাকিভাবে দায়িত্ব নেননি পাকিস্তানের। তবে এরই মধ্যে বেশ কড়া সমালোচনার মুখে পড়েছেন বেশ কজন সাবেক ক্রিকেটারের। অবশ্য এটাকে স্বাভাবিক বলেই মানছেন অস্ট্রেলিয়ান এই সাবেক ফাস্টবোলার, "দলের সবাইকে এটা বুঝতে হবে যে বাইরের যে কোনো সমালোচনাকে ইতিবাচকভাবে নিতে হবে। সেটা সংবাদমাধ্যমেরই হোক, কিংবা সমর্থকদের প্রতিক্রিয়া। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে বা লেখা হয়েছে তার মধ্যে থেকে আমি ইতিবাচকতা খুজে নিচ্ছি। নিজে সংবাদমাধ্যমে কাজ করেছি দীর্ঘদিন, তাই আমি জানি ওখানে আসলে কি ঘটে।"
বিশ্বসেরা অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের খুব বেশি দূরত্ব আছে বলে মনে করেন না লসন। বলেছেন, "পাকিস্তান যে কোনো দলকেই হারাতে সক্ষম।" সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাকিস্তানের হয়ে কোচিং মিশন শুরু হবে লসনের। আর সেটা দারুণভাবেই স্মরণীয় রাখার প্রত্যয় তার, "এ ধরণের স্বল্পদৈর্ঘ্য ধাচের ক্রিকেটে খুব ভালো করার মতো খেলোয়াড় আছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকায় আমাদের লক্ষ্যই হবে শিরোপা জেতা।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮২০ঘ.
bdnews24