ঢাকা, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পয়লা আগস্ট বিসিবির জরুরী সভা। তার আগের দিনই (৩১ জুলাই) তিন সদস্যের নির্বাচকমন্ডলীর দুই সদস্য প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং আতহার আলী খানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। অথচ ১১ আগস্টের মধ্যে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণার বাধ্যবাধকতা আছে। আছে আগস্টেই অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ একাডেমী স্কোয়াড গড়ার কাজও। এই আপদকালীন সময়টা পার করতে ওই দুই নির্বাচকের চুক্তির মেয়াদ একমাস করে অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বিসিবি। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েদিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
দেশের ক্রিকেটের স্বার্থেই ফারুক এবং আতহার বিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন বলে জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। সোমবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কেও তাই জানিয়েছেন ফারুক, "সম্ভবত আজ নতুন সভাপতির সঙ্গে দেখা করে বেরিয়েই আমাকে ফোন করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। আতহারের প্রস্তাবটাও আমার মাধ্যমেই দেওয়া হয়েছে। পরে আমি আতহারের সঙ্গে কথা বললাম। আমরা দুজনেই ক্রিকেটের স্বার্থে বিসিবির প্রস্তাবে রাজী হয়েছি। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ এবং একাডেমী দলের অস্ট্রেলিয়া সফর, দুটোই গুরুত্বপূর্ন অ্যাসাইনমেন্ট।" প্রসঙ্গত ফারুকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির তৃতীয় সদস্য আকরাম খানের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি কার্যকর হয়েছে ১ জুন থেকে। তাকে রেখেই নির্বাচক কমিটির রূপরেখা কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা অবশ্য জরুরী সভাতেই হওয়ার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৩৫ঘ.
bdnews24