২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির নতুন কমিটিতে অনেক চমক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটির সদস্য হিসেবে বাতাসে ভেসে বেড়াচ্ছিল অনেকের নামই। কিন্তু রোববার বিকেলে প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ সদস্যের যে অস্থায়ী কার্যনির্বাহী কমিটি ঘোষিত হলো, তাতে তাদের বেশিরভাগেরই জায়গা হয়নি। এবং সব মিলিয়ে শেষপর্যন্ত যে কমিটি তৈরি হয়েছে তাতে ক্রিকেটাঙ্গনের অচেনা অনেক মুখ। অনেক চমক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটির সদস্য হিসেবে বাতাসে ভেসে বেড়াচ্ছিল অনেকের নামই। কিন্তু রোববার বিকেলে প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ সদস্যের যে অস্থায়ী কার্যনির্বাহী কমিটি ঘোষিত হলো, তাতে তাদের বেশিরভাগেরই জায়গা হয়নি। এবং সব মিলিয়ে শেষপর্যন্ত যে কমিটি তৈরি হয়েছে তাতে ক্রিকেটাঙ্গনের অচেনা অনেক মুখ। অনেক চমক। গুজবে যেসব নাম ভেসে বেড়াচ্ছিল তার ভেতর থেকে একজনই আছেন ঘোষিত কমিটিতে - গাজী আশরাফ লিপু। অনেকেই দেশের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক হিসেবে চিহ্নিত করে থাকেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। নতুন কমিটিতে অবশ্য সাবেক খ্যাতনামা ক্রিকেটারদের সমাবেশ তেমন একটা নেই। লিপু ছাড়াও সেখানে আর আছেন কেবল তার সময়ের নামী ক্রিকেটার এবং বর্তমানে ক্রীড়া ভাষ্যকার ও কলামিস্ট ইশতিয়াক আহমেদ। আর পেশাগত জীবনে তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই দু'জনের ভেতর লিপুর প্রোফাইলই সবচেয়ে ভারী। তার নেতৃত্বেই ১৯৮৬ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের। শুধু তাই নয়। বাংলাদেশ দলের প্রথম স্থায়ী ম্যানেজারও ছিলেন তিনি। ১৯৯৭ সালে মালয়েশিয়াতে আইসিসি ট্রফি জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা ঘোষণা করা বাংলাদেশ দলের ম্যানেজার অবশ্য এই প্রথম দেশের ক্রিকেট প্রশাসনের কোনো পদে বসতে যাচ্ছেন। লিপুর অন্তর্ভূক্তি চমক না হলেও নতুন কমিটিতে চমকের অভাব নেই। এই যেমন ২০০৩ এর বিশ্বকাপের পর থেকে বেশ কিছুদিন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান। আবার কমিটিতে এমন অনেকেও আছেন যাদের পরিচয় বের করতে অনেক খোঁজখবরও করতে হয়েছে। যারা ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলেও পরীক্ষিত সংগঠক হিসেবে তেমন কোনো পরিচিতি তাদের নেই। পরীক্ষিত সংগঠক বলতে নতুন কমিটিতে আছেন কেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক এবং পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। আলী আসগার লবীর নেতৃত্বাধীন বোর্ডের উপদেষ্টামন্ডলীতে থাকা শফিকুর রহমান মুন্নাও আছেন এই কমিটিতে। সেসময় বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া তিনি প্রেসিডেন্ট থাকাকালে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লীগে টানা দুই বছর শিরোপা জিতেছিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। পদত্যাগী বোর্ডের একমাত্র সদস্য হিসেবে আছেন মির্জা সালমান ইস্পাহানী। তাদের পারিবারিক গ্র"প ইস্পাহানী দীর্ঘদিন ধরেই জাতীয় ক্রিকেট লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে। নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেমও আছেন। পদত্যাগী বোর্ডের মহিলা ক্রিকেট উইং এর কর্মকর্তা মনোয়ারা আনিস খান এই কমিটির একমাত্র মহিলা সদস্য। এছাড়া আছেন বছর দশেক আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও বর্তমানে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সেলিম ভূইয়া, ঢাকা চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও একসময় শান্তিনগর ক্লাবের হয়ে ক্রিকেট খেলা আব্দুল মোমেন এবং এলিট পেইন্টের কর্ণধার ফিরোজ আহমেদ। শেষোক্তজনের এলিট পেইন্ট রিক্রিয়েশন ক্লাব নামে একটা দলও আছে, যেটা চট্টগ্রাম ক্রিকেট লীগে অংশ নিয়ে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.