ত্রিনিদাদ, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ইংল্যান্ড সফরে তার উপর রুষ্ট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রিস গেইলের দোষ, বোর্ডের সমালোচনা করে মন্তব্য করেছিলেন তিনি। সেজন্য তাৎক্ষণিক ঝামেলা কম হয়নি। কিন্তু শাস্তিটা স্থগিত ছিল। সেটা আদৌ হবে কিনা, গেইল দোষী না নির্দোষ- তার সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। এর আগে গত মাসে একটি চিঠি পাঠিয়ে গেইলকে সফর শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল তারা।
ইংল্যান্ড সফরে দলের ওপর বেশি রাতে বাইরে থাকার নিষেধাজ্ঞা নিয়ে সোচ্চার হয়েছিলেন গেইল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অধিনায়কত্ব নিয়ে নির্বাচকদের সঙ্গে দড়ি টানাটানিতে নতি স্বীকার করেছিল বোর্ড। গেইল বোর্ডকে আবারও ক্ষুব্ধ করেন ব্যাপারটা সামাল দিতে তাদের ব্যর্থতার সমালোচনা করে। পাশাপাশি টুয়েন্টি টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য অন্তর্ভুক্ত তিন জন খেলোয়াড়কে দেরিতে পাঠানোর জন্যও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গেইল। ডাব্লুআইসিবি প্রেসিডেন্ট কেন গর্ডন ও দলের ম্যানেজার মাইকেল ফিন্ডলে গেইলের সঙ্গে দেখা করেন এ নিয়ে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলার পর গেইল অস্বীকৃতি জানান তা করতে।
শনিবার বোর্ড প্রেসিডেন্ট গর্ডন এক বিবৃতিতে বলেছেন, " গেইলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি বৈঠকে বসেছিলাম আমরা, সেখানে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই তাদের সিদ্ধান্ত জানা যাবে।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১০১৮ঘ.
bdnews24