ঢাকা, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন প্র্যাকটিসের সময় ডান পায়ের গোড়ালিতে পাওয়া চোট চার সপ্তাহের জন্য মাঠের বাইরে নিয়ে গেছে মাশরাফি বিন মর্তুজাকে। সিরিজের শেষ দুটো ম্যাচে তাই খেলেননি। শ্রীলঙ্কাতেই পার করে এসেছেন এক সপ্তাহ। দেশে ফেরার পর এখন আরো তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের মূল স্ট্রাইক বোলারকে।
যদিও এরমধ্যে বাংলাদেশের কোনো খেলা নেই। কিন্তু দলের অন্যরা যে যার মতো প্র্যাকটিসে নামতে পারলেও তিনি থাকবেন বিশ্রামে। শনিবার সন্ধ্যায় দেশে ফেরার পর মাশরাফি জানালেন, "ফিজিও বলেছেন চার সপ্তাহ মাঠেই নামা যাবে না। এক সপ্তাহ তো হয়ে গেল। আরো তিন সপ্তাহ। আরো কয়েকটা দিন পর অবশ্য সুইমিং করতে বলেছেন ফিজিও। এছাড়া আরো হালকা কিছু কাজ দিয়েছেন যেগুলো করা যাবে। কিন্তু বোলিং নয়।"
ডান পায়ের গোড়ালিতে আঘাত পাওয়া অবশ্য মাশরাফির জন্য নতুন কিছু নয়। ২০০৩ সালের বিশ্বকাপের সময়ও এখানে চোট পেয়ে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। আর পুরো ডান পাতে চোটের কথা বললে হিসাব আরো চওড়া। শনিবার এয়ারপোর্টে নিজে থেকেই বলছিলেন, "এই নিয়ে ডান পায়ে চারবার চোট পেলাম।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩৫৬ঘ.
bdnews24