২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনিক ভালো হলেও আমাদের ব্যাটসম্যানদের অভ্যাস তো খারাপ : আকরাম

ভদ্রলোক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি পার্কিং এরিয়ায় পায়চারি করছিলেন। ক্ষোভের কথা বলার লোক পাচ্ছিলেন না। হঠাৎ মোহাম্মদ আশরাফুলকে লাগেজ-টাগেজসহ বেরিয়ে আসতে দেখেই ছূটে গেলেন মাহবুব হামিদ তারা। ইনি আবার কে?- প্রশ্ন করার আগেই জানিয়ে রাখা ভালো তিনি বাংলাদেশ দলের উইকেটকিপার মুশফিকুর রহিমের বাবা। বাংলাদেশ অধিনায়ককে বলছিলেন, "দেখেছো বাবা, তোমরা একটা সিরিজে খারাপ খেলেছো। আর কী বিচ্ছিরি অবস্থা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 04:53 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ভদ্রলোক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি পার্কিং এরিয়ায় পায়চারি করছিলেন। ক্ষোভের কথা বলার লোক পাচ্ছিলেন না। হঠাৎ মোহাম্মদ আশরাফুলকে লাগেজ-টাগেজসহ বেরিয়ে আসতে দেখেই ছূটে গেলেন মাহবুব হামিদ তারা। ইনি আবার কে?- প্রশ্ন করার আগেই জানিয়ে রাখা ভালো তিনি বাংলাদেশ দলের উইকেটকিপার মুশফিকুর রহিমের বাবা। বাংলাদেশ অধিনায়ককে বলছিলেন, "দেখেছো বাবা, তোমরা একটা সিরিজে খারাপ খেলেছো। আর কী বিচ্ছিরি অবস্থা।" মাস তিনেক আগে বিশ্বকাপ থেকে দেশে ফিরে পাওয়া ক্রিকেটারদের বীরোচিত সংবর্ধনা এবং এবার একেবারে নীরবে ফেরার পার্থক্যটাই পীড়া দিচ্ছিল তাকে, "তোমরা বিশ্বকাপ থেকে ফেরার পর আমি মুশফিকের বাবা শুনে কত সমাদর করেই না এয়ারপোর্টে ঢুকতে দিয়েছিল। আর এবার ঢুকতেই দিল না।" আশরাফুলের সঙ্গে মুশফিকের বাবার কথোপকথন একই সঙ্গে ফুটিয়ে তুললো সাফল্য আর ব্যর্থতার প্রতিচ্ছবিও। শনিবার সন্ধ্যায় দেশে ফেরার পর ব্যর্থতার কারণ বলতে গিয়ে অধিনায়ক যে বারবার শ্রীলঙ্কাকে 'টাফ টিম' বলছিলেন, সেই 'টাফনেস' দলের সঙ্গে থাকা নির্বাচক আকরাম খান প্রতিপক্ষের ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়েই শুধু দেখেননি। দেখেছেন আরো একটা জায়গায়। সেটাই বাংলাদেশকে গোটা সিরিজে দুমড়ে মুচড়ে ফেলেছে বলে সবচেয়ে বেশি বিশ্বাস করেন আকরাম, "শ্রীলঙ্কা প্রথম টেস্টে এমন চাপে ফেলে দিয়েছিল যে সেটার ধাক্কা আর ছেলেরা কাটিয়ে উঠতে পারেনি। ওরা আসলে মাইন্ড গেম খেলেই আমাদের শেষ করে দিয়েছে। পেসাররা বাউন্সার দিয়েছে একের পর এক। আবার স্পিনারদের একটু ডিফেন্স করে খেলতে গেলেই আশপাশে চারজন ফিল্ডার এনে দাঁড় করিয়ে রেখেছে। সামনে এগিয়ে খেলতে গেলে মিড অন আর মিড অফের ফিল্ডারকে একটু সামনে নিয়ে এসেছে।" ব্যর্থতার ময়নাতদন্ত রিপোর্টে আকরাম বাংলাদেশের ক্রিকেটারদের মনোজগতের 'ঘাপলা' তেই জোর দিচ্ছেন বেশি, "আমাদের ক্রিকেটারদের মানসিকভাবে আরো অনেক, অনেক শক্ত হতে হবে। বলছি না যে মানসিকভাবে ওরা শক্ত নয়। কিন্তু ওদের (শ্রীলঙ্কার) তুলনায় অনেক কম।" তাই বলে এটাকে একমাত্র কারণ বলেও চালিয়ে দিচ্ছেন না আকরাম। যদিও মনে করেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার সাত বছর পরেও বাংলাদেশ আগের জায়গাতে থেমে নেই। এগিয়েছে, তবে, "বলবো না যে আমরা উন্নতি করিনি। কিন্তু অন্যরা এই সময়ে উন্নতি করেছে অনেক বেশি।" ব্যাটসম্যানদের টেকনিকেও গলদ দেখছেন না কোনো। অবশ্য একটা 'কিন্তু' যোগ করে ব্যাটসম্যানদেরই শ্রীলঙ্কা সফরের ব্যর্থতার জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, "ব্যাটিংয়ের টেকনিক আগের চেয়ে ভাল অবশ্যই হয়েছে। কিন্তু টেকনিক ভাল হলেও আমাদের ব্যাটসম্যানদের অভ্যাস তো খারাপ।" বেশি, বেশি শট খেলা কিংবা নিজ নিজ উইকেটের মূল্য বোঝার অক্ষমতার কথাই বোঝাতে চেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কিন্তু যাদের বোঝার কথা তারা কতটা বুঝতে পেরেছে? আকরাম মনে করেন হয়েছে, "ওরা বুঝতে পারছে ওদের সমস্যা কোথায়?" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৫১ঘ.