করাচি, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ইনজুরি, ফিটনেস সমস্যা, ডোপ কেলেঙ্কারি। একের পর এক ধকল সইতে হয়েছে শোয়েব আখতারকে। পাকিস্তানের এই ফাস্টবোলারকে গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি বললেই চলে। হাতে গোনা ক'টি ওয়ানডে আর এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনই খুঁড়িয়ে মাঠ ছাড়া। কিন্তু সব সমস্যা কাটিয়ে শোয়েব আবার ফিরেছেন জাতীয় দলে। ফিরেছেন সেই পুরনো চেহারাতেই। আর তাকে পেয়ে উচ্ছ্বসিত দলের বোলিং কোচ আকিব জাভেদ। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসতে যাওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসরে পাকিস্তানের জন্য একটা বড় সহায় বলেই শোয়েবকে মানছেন তিনি।
আকিবের মতে শোয়েব এখন আগের চেয়ে ফিট। তার বলের গতিও বেড়েছে। কিন্তু তারচেয়ে বড় কথা উইকেটের জন্য প্রচণ্ড ক্ষুধার্ত এখন "রাওয়ালপিন্ডি এক্সপ্রেস"। পাকিস্তানের পত্রিকা 'দ্য নিউজ'কে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, "ও রীতিমতো টগবগিয়ে ফুটছে। আমি নিশ্চিত বিশ্বকাপে সবচেয়ে বড় তারকা হতে যাচ্ছে সে।"
পাকিস্তানের খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে করাচি একটি অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন। প্রস্তুতিমূলক টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলছেন তারা। সেগুলোতে শোয়েব প্রচুর উইকেট পাচ্ছেন, তার বলের গতিতে নির্বাচকরাও মুগ্ধ। রোববার শোয়েব ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। আকিবের মতে শোয়েবের সবচেয়ে বিখ্যাত অস্ত্র তার 'স্লোয়ার' বল। ২০০৫ সালে পাকিস্তান সফরে এসে এই ধীরগতির বলে বেশ বিভ্রান্ত হয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও শোয়েবের এই ব্রক্ষ্মাস্ত্র বেশ কাজে আসবে বলে মনে করেন আকিব, "ওর বলে যে গতি, তাতে আস্তে করা ডেলিভারি একটা চমক হিসেবেই কাজ করে। গতিময় ম্যাচে যে কোনো প্রতিপক্ষের জন্য তা বিধ্বংসী হিসেবে কাজ করবে।"
শোয়েব তো আছেনই। সেইসঙ্গে উমর গুল এবং মোহাম্মদ আসিফ থাকায় পাকিস্তানকে আসন্ন বিশ্বকাপে ফেবারিট মানছেন আকিব, "আমাদের বিশ্বমানের বোলার এবং শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে যে জন্য বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট মানছি আমি। অবশ্য অস্ট্রেলিয়াও ভারসাম্যপূর্ণ দল। তাদের হারানো কঠিন। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডেরও ক্ষমতা আছে শিরোপা জেতার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৫৫ঘ.
bdnews24