ঢাকা, ২৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- রান রেটে শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে থাকায় ত্রিদেশীয় প্রতিযোগীতার ফাইনালে খেলা প্রায় নিশ্চিত হয়ে ছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। আগেরদিন তা পুরো নিশ্চিতই হয়ে যায়। বুধবার কলম্বোয় ভারতের কাছে শ্রীলঙ্কা ১৬১ রানের শোচনীয় ব্যবধানে হারায় স্বাগতিকদের ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনাই যে অবশিষ্ট থাকেনি। ২৮ জুলাই তাই পি সারাভানামুত্তু স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশই। এজন্য বৃহষ্পতিবার এই দুই দলের লিগ পর্বের শেষ ম্যাচটা হয়ে গিয়েছিল ফাইনালের ড্রেস রিহার্সেলই। কিন্তু কলম্বোর পুলিশ পার্ক মাঠে বাংলাদেশও হেরেছে ১৩২ রানের শোচনীয় ব্যবধানেই।
ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৬৫ রান। বাংলাদেশের নাসির নেন ৪ উইকেট। জবাবে বাংলাদেশ ২৯ ওভারে মাত্র ৮০ রানেই ৭ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডি/এল মেথড অনুযায়ী ২৯ ওভারে তাদের ২১২ রানের টার্গেট পুনঃনির্ধারিত হয়। সে হিসাবে ১৩২ রানের হার মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন দলটির। বাংলাদেশী তরুণদের ব্যাটিং ব্যর্থতার মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেছেন তাপস ঘোষ।
তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.
bdnews24