ঢাকা, ২৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে পরিবর্তন আসছে। নতুন সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল সিনা ইবনে জামালী।
এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে। নাম ঘোষণারই অপেক্ষা শুধু। বুধবার সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদে জেনারেল জামালীর আসীন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে।
তার এই নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে বর্তমান সভাপতি কৃষি সচিব এম আব্দুল আজিজ বিদায় নিতে যাচ্ছেন। তিনি অধ্যাপক ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিএনপি - জামায়াত জোট সরকারের মনোনীত সভাপতি আলী আসগার লবীর পদত্যাগের কারণে এই গুরুত্বপূর্ণ পদটিতে তার জায়গা হয়।
বিসিবির সভাপতি পদে পরিবর্তন যে দ্রুতই আসছে তা সূত্রের কথায় স্পষ্ট: "আজই (বুধবার) প্রজ্ঞাপন জারি করে নতুন সভাপতির নাম জানিয়ে দেওয়ার কথা ছিল বলে জানতাম। কোনো কারণে সেটা আজ না হলেও হয়ে যাবে শিগগিরই। এখন এটা কেবল সময়ের ব্যাপার।"
প্রসঙ্গত, মেজর জেনারেল সিনা ইবনে জামালী কিছুদিন আগে চট্টগ্রামের জিওসি হিসেবে কর্মরত ছিলেন। এমাসেই তাকে বদলি করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
গত মঙ্গলবার থেকে কার্যনির্বাহী কমিটির বেশিরভাগ সদস্যই পদত্যাগ করায় বিসিবিতে অচলাবস্থা চলছে। তা নিরসনের উদ্যোগ নিতে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়ে অনুরোধ করেছেন বর্তমান সভাপতি আব্দুল আজিজ। আর এটাই হয়ে থাকতে পারে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির শীর্ষ ব্যক্তি হিসেবে তার শেষ কাজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এমএইচবি/০০১৬ ঘ.
bdnews24