কলম্বো, ২৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সেই টেস্ট সিরিজ থেকে একই কথা জপে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বুধবার ম্যাচ শেষেও বললেন সেই একই কথা, "আমাদের ব্যাটসম্যানরা খারাপ খেলেছে, বিশেষ করে টপ অর্ডার ব্যর্থ হয়েছে।" কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটিতে বাংলাদেশ হেরেছে ৩৯ রানে। সেই সঙ্গে ০-৩ ব্যবধানে হেরেছে সিরিজও। টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হওয়ার দুঃস্মৃতি নিয়েই শেষ হলো অধিনায়কত্বে আশরাফুলের অভিষেক।
কলম্বোয় মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে। প্রেমাদাসার আউটফিল্ড শুকোতে পারেনি বুধবার সকালেও বৃষ্টি পড়ায়। দেরিতে শুরু হওয়া ম্যাচটির ওভারসংখ্যা তাই নেমে আসে ৪০ ওভারে। সেই ৪০ ওভারের পুরোটা খেলতে পারেনি কোনো দলই। শ্রীলঙ্কা এক বল থাকতেই অলআউট হয়ে গেছে ১৯৬ রানে। বাংলাদেশ টিকেছে ৩৭ ওভার ১ বল। তাতে ১৫৭ রানে অলআউট হওয়ার ফল ৩৯ রানের হার।
শ্রীলঙ্কার জন্য ১৯৬ রান ছিল অনেক বেশি। শেষ দু'ওভার বাদ দিলে বাংলাদেশের ফিল্ডিং ছিল জঘন্যরকম বাজে। এবং সেটা শুরু হয়েছে প্রথম ওভার থেকেই। শুন্য রানে জীবন পেয়েছিলেন সনৎ জয়াসুরিয়া। কাভারে তার ক্যাচ ফেলেছেন সাকিব আল হাসান। হতাশ শাহাদত হোসেন এর বদলা ঠিকই নিয়েছেন। ৮ রান করে আউট হয়েছেন জয়াসুরিয়া, মুশফিকুর রহিম ক্যাচ নিয়েছেন তার। এরপর সৈয়দ রাসেল এলবিডব্লু করেছেন উপুল থারাঙ্গাকে (১৪)।
শাহাদতের বলে চামারা কাপুগেদারার সহজ ক্যাচ নিতে পারেননি ফরহাদ রেজা, তখন তার রান ছিল ৫। আরও ২ রান যোগ করার পর অর্থাৎ ৭ রানে ফরহাদের বলেই বদলি হিসেবে নামা মেহরাব হোসেন জুনিয়রকে ক্যাচ দিয়েছেন কাপুগেদারা। শ্রীলঙ্কার সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে (১৮) আউট করেছেন রাজ্জাক। ৬১ রানের মধ্যে টপ অর্ডারের এই চারজনকে হারিয়ে বিপাকেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তা থেকে উদ্ধার করেছেন তিলকরতে
bdnews24