২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারণ দর্শাতে বলা হয়েছে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে

তার কার্যক্রম নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেটা চরমে পৌছেছে বিসিবির কার্যনির্বাহী কমিটি যখন একটা ক্রান্তিলগ্ন পার করছে। বোর্ড ভেঙ্গে দেওয়া হবে হবে করেও যখন ভাঙ্গছে না, এমন একটা সময়েই চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাহমুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। একাধিক বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বোর্ডের কাছ থেকে ছুটি মঞ্জুর না করিয়েই তার ইউরোপ ভ্রমণে চলে যাওয়া। মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ব্যাপারটা সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিসিবি সভাপতি এবং কৃষি সচিব এম আব্দুল আজিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তার কার্যক্রম নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেটা চরমে পৌছেছে বিসিবির কার্যনির্বাহী কমিটি যখন একটা ক্রান্তিলগ্ন পার করছে। বোর্ড ভেঙ্গে দেওয়া হবে হবে করেও যখন ভাঙ্গছে না, এমন একটা সময়েই চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাহমুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। একাধিক বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বোর্ডের কাছ থেকে ছুটি মঞ্জুর না করিয়েই তার ইউরোপ ভ্রমণে চলে যাওয়া। মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ব্যাপারটা সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিসিবি সভাপতি এবং কৃষি সচিব এম আব্দুল আজিজ। বোর্ড সভাপতিও সিইও'র কার্যক্রমে ভীষণ নাখোশ বলে প্রচার আছে। অবশ্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে আলাপে তিনি সেটা সরাসরি স্বীকার করলেন না, "আসলে আমার অসন্তোষ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। ওনার (সিইও) কিছু ব্যাপারে আমরা ব্যাখ্যা চেয়েছি।" তাহলে কী মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে? জবাবে বিসিবি সভাপতি বলছেন, "হ্যাঁ, তাকে আমরা কয়েকদিন আগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।" এবং বিসিবি তার জবাবের অপেক্ষাতেই আছে। সেটা পেয়ে গেলেই তার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বোর্ডের অন্দরমহল থেকে এমনও শোনা গেছে যে, সভাপতি মাহমুদকে পদত্যাগ করতে বলেছেন। যদিও এম আব্দুল আজিজ তেমন কিছু বলেননি বলেই জানালেন, "না, আমি তাকে পদত্যাগ করতে বলিনি। তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি। উনি কী ব্যাখ্যা দেন দেখি। তারপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হলে আপনারা জানবেন।" গত জুন মাসে আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসারস (সিইসি মিটিং) মিটিংয়ে যোগ দিতে ইংল্যান্ডে গিয়েছিলেন মাহমুদ। সেখান থেকেই তার ছুটিতে ইউরোপ ভ্রমণে যাওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি সভাপতির চাপে ৩০ জুন বাজেট অনুমোদন সভায় যোগ দেওয়ার জন্য তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন। এসে একদিন থেকেই আবার তিনি উড়াল দেন ইউরোপে। ২০ জুলাই পর্যন্ত ছূটি নিয়ে তিনি বেড়াতে গেছেন বলেই এতোদিন বোর্ডের বাইরের লোকদের জানা ছিল। কিন্তু বিসিবি সভাপতি বলছেন ভিন্ন কথা, "ওনার ছুটিই তো গৃহীত হয়নি। ছুটি মঞ্জুর না করিয়ে কেন তিনি গেলেন, এ বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া আরো কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছে তার কাছে।" গত ২১ জুলাই কার্যনির্বাহী কমিটির চতুর্দশ সভার শেষদিকে মাহমুদকে সভাকক্ষ থেকে বের করে দিয়ে যে রুদ্ধদ্বার বৈঠকটি হয়েছে, তাতে বোর্ড ভেঙ্গে দেওয়ার সরকারী সিদ্ধান্ত নিয়ে আলোচনা তো হয়েছেই। পাশাপাশি সিইও'র কার্যক্রম নিয়ে সমালোচনাও হয়েছে। বোর্ডের যেসব বিষয় তার নজরদারিতে থাকার কথা, সেসব বিষয়ে মাহমুদের উদাসীনতা ও অবহেলার কথাও বলেছেন অনেক বোর্ড সদস্য। আগামী ফেব্র"য়ারিতে মাহমুদের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি মেয়াদ পুরো হবে। তবে তার আগে কোনো ব্যবস্থা নিতে হলে আইনগত ঝামেলা আছে কিনা, তাও নাকি বিসিবি তাদের আইন উপদেষ্টার সঙ্গে কথা বলে খতিয়ে দেখছে। তার মানে মাহমুদের জন্য খারাপ কিছুই অপেক্ষা করে থাকার কথা। বিসিবি সভাপতি অবশ্য আইনী বিষয়ে খোঁজখবর নেওয়ার বিষয়টা হেসে পাশ কাটিয়ে গেছেন, "কিছু হলে তো আপনারা অবশ্যই জানবেন।" এ ব্যাপারে মাহমুদুর রহমানের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল সঙ্গত কারণেই। কিন্তু মুখ খোলেননি তিনি। মন্তব্য করতে তার অস্বীকৃতিকেই তুলে দিতে হচ্ছে তার মন্তব্য হিসেবে, "এই মুহুর্তে এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করবো না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২০৩০ঘ.