ঢাকা, ২২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট সিরিজের ব্যর্থতায় ওয়ানডে থেকে বিদায়ঘন্টা একরকম বেজেই গেছে হাবিবুল বাশারের। আরো আগেই ওয়ানডেতে বাতিলের খাতায় পড়ে যাওয়া খালেদ মাসুদও তার সঙ্গে টেস্ট সিরিজ শেষে ফিরে এসেছেন দেশে। আর ছেলের অসুস্থ্যতার জন্য তাদের সঙ্গী হয়েছেন মোহাম্মদ রফিকও। তাই শ্রীলঙ্কাতে থেকে যাওয়া বাংলাদেশ দলের অভিভাবক বলতে জাভেদ ওমর। কিন্তু এই বাংলাদেশ দলটির একমাত্র ত্রিশোর্ধ্ব ক্রিকেটারটির জন্য আপাতত ড্রেসিংরুমে বসে ওয়ানডে সিরিজ দেখাই নিয়তি হয়ে আছে! প্রথম ওয়ানডের মতো সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও যে দলটি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সেটাকে কেউ 'বাংলাদেশ অনুর্ধ্ব -২৫ দল' বলে ডাকতে শুরু করলেও আপত্তি করার কিছু নেই। কারণ এই দলটার গড় বয়স যে মাত্র ২২! তা হলেও ফিল্ডিংকেই এই তারুন্য নির্ভরতার সবচেয়ে বড়ো শক্তি বলে দাবি করার লোকের অভাব ছিল না। এই দলে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম যেমন ছিলেন, তেমনি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। কিন্তু প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও গোলমালে তাদের দাবি জোর হারিয়েছে অনেকটাই।
গড় বয়স কম হওয়ায় আবার কেউ দোষারোপ করে বসছেন না নির্বাচকদের। বরং এই দলটাকে নিয়েই সামনে তাকানোর পক্ষপাতী আমিনুল,"এই দলটাকে ধরে রেখে ২০১১ সালের বিশ্বকাপকে টার্গেট করতে পারি আমরা।" এমনকি এই দলের অভিজ্ঞতার অভাবও সেভাবে তার চোখে পড়ছে না,"ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলের অনেকেই তো ৫০/৬০ টা করে ওয়ানডে খেলে ফেলেছে। সুতরাং অভিজ্ঞতায় ঘাটতি আছে বলবো না।" সেই সঙ্গে এই দলটার কাছ থেকে দুর্দান্ত ফিল্ডিং দেখার আশায় থাকা আমিনুলকে হোঁচটই খেতে হয়েছে। কেননা তার চোখে সবচেয়ে শক্তির জায়গাটাতেই প্রথম ওয়ানডেতে দেখা গেছে দুর্বলতা। দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে বাংলাদেশ দলের আদি এবং অকৃত্রিম সমস্যা ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে উন্নতিও তাই থাকছে টিম ম্যানেজমেন্টের চিন্তাজুড়ে।
পি সারাভানামুত্তু স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে একের পর এক ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এবং এর ফিরিস্তিও অল্প জায়গাতে কুলানোর নয়। অথচ সিরিজ শুরুর আগেরদিনই আশরাফুল বলেছিলেন,"আমাদের দলটা তরুণ দল। সুতরাং প্রাণশক্তির অভাব নেই। আমাদের ফিল্ডিংয়ে এটারই প্রভাব পড়া উচিত। আমি রাতারাতি কোনো উন্নতি চাই না। কিন্তু খেলোয়াড়রা যদি এক্ষেত্রে কঠোর শ্রম দেয়, তাহলে দুই বছরের মধ্যে আমাদের পক্ষে ফিল্ডিংয়ে অন্যতম সেরা দল হওয়া সম্ভব। ব্যাটিং কিংবা বোলিংয়ে যতো শ্রমই দেন না কেন, সেটা ভালো কিছুর নিশ্চয়তা দিতে পারে না। তবে প্র্যাকটিসে ফিল্ডিং নিয়ে বেশি খাটলে মাঠে উন্নতিটা আপনার চোখে পড়বেই।"
আমিনুলও এই তরুণ দলের ফিল্ডিংয়েই রাখছিলেন সবচেয়ে বেশি আস্থা,"এই দলের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে ওদের ফিল্ডিংটা আপনার চোখ কাড়বে।" প্রথম ওয়ানডেতে অবশ্য দৃষ্টি কাড়ার বদলে দৃষ্টিকটুই লেগেছে বাংলাদেশ দলের ফিল্ডিং। ম্যাচের প্রথম ওভারেই মাশরাফি বিন মর্তুজার বলে উইকেটের পেছনে উপুল থারাঙ্গার ক্যাচ ফেলেন মুশফিকুর রহিম। তখন ১ রানে দাঁড়ানো থারাঙ্গা শেষপর্যন্ত করেছেন ৫৭ রান। এরপর সৈয়দ রাসেলের বলে স্লিপে কুমার সাঙ্গাকারাকে জীবন দিয়েছেন শাহরিয়ার নাফীস। 'ব্যয়বহুল' না হলেও শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের দেওয়া রিটার্ন ক্যাচ ফেলেছেন আব্দুর রাজ্জাক।
এসব তো গেল ক্যাচ মিসের গল্প। এছাড়া ওই ম্যাচে বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিংয়ের অবস্থাও সুবিধার ছিল না। এক রানের জায়গায় তিন রান পেয়েছেন ব্যাটসম্যানরা অনেকবার। এমন তো নয় যে, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ থেকেই ফিল্ডিংয়ে উন্নতিকে পাখির চোখে দেখে আসছে বাংলাদেশ। বরং বিশ্বকাপের সময় থেকেই ফিল্ডিংয়ের নতুন একটা মান নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সেই দাবির সঙ্গে একমত ছিলেন বলেই এবার নতুন তথা তরুণ দলের ফিল্ডিংয়ের পক্ষে বাজি ধরতে পারছিলেন আমিনুল এবং আশরাফুল। বিশেষ করে দলের সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে থাকা সালাউদ্দিনের ভূমিকাও প্রশংসিত হচ্ছিল বিশ্বকাপের সময় থেকে। ফিল্ডিংয়ের জন্য ক্রিকেটারদের বাড়তি শ্রম দেওয়ার কথাও অজানা নয়। অথচ সিরিজের প্রথম ওয়ানডের ফিল্ডিং সেটাকে আপাতত পন্ডশ্রমই বোঝাচ্ছে। ব্যাটিং ব্যর্থতা কাটানোর পাশাপাশি ফিল্ডিংয়ে শ্রমের সার্থকতা বোঝানোর চ্যালেঞ্জও দ্বিতীয় ওয়ানডেতে থাকছে বাংলাদেশের সামনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২১০৮ঘ.
bdnews24