ঢাকা, ২১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ডাইনিং হলে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির চতুর্দশ সভা। দুপুর তিনটায় শুরু হওয়া সভা থেকে একটু পর পরই কোনো না কোনো সদস্য বেরিয়ে আসছিলেন আর তাদেরকে ছেঁকে ধরছিলেন সাংবাদিকরা। সবার কাছে একটাই প্রশ্ন, "সরকারের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা হয়েছে কী?" উত্তরও পাওয়া যাচ্ছিল একটাই, "না, এখনো হয়নি। এসব তো এজেন্ডাতে থাকে না। হয়তো শেষের দিকে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় বিষয়টা উঠবে।" বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে তা উঠেছেও। সে সময় এমনকি বিসিবির প্রধান নির্বাহী মাহমুদুর রহমানকেও সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে হয়েছে। অবশ্য সভাশেষে বেরিয়ে বিসিবি সভাপতি এম আব্দুল আজিজ যা বললেন, তাতে সরকারি সিদ্ধান্তের উত্তাপ না লাগার ভাবই বেশি থাকলো, "বোর্ড ভেঙ্গে দেওয়ার ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো কিছু আমাকে জানানো হয়নি।" এমনকি ক্রীড়া উপদেষ্টা গত মাসেই বোর্ড ভেঙ্গে দেওয়ার কথা ঘোষণা করে দেওয়ার পরও কাজে কোনো ধরনের স্থবিরতা নেমে আসেনি বলেও দাবি করলেন তিনি,"সব কাজই তো ঠিকঠাক মতো চলছে। কোনো কিছু বাধাগ্রস্ত হয়নি।"
সরকার মনোনীত সভাপতি হিসেবে এর মধ্যেই বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বেশ কিছুদিন কাজ করা হয়ে গেছে তার। তিনি নিজে কী মনে করেন বিসিবিতে কোনো সংস্কার প্রয়োজন আছে? এ প্রশ্নেও সাবধানী জবাব বোর্ড সভাপতির,"এই মুহূর্তেই সংস্কার প্রয়োজন, এটা আমি বলবো না। তবে সংস্কার তো হয় ভালো কাজের জন্যই।" সভাশেষে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মাহবুব আনামের কথাতেও সভাপতিরই সুর,"আমরা সরকারের কাছ থেকে এখনো বোর্ডের কার্যক্রম বন্ধ রাখার কোনো ইঙ্গিত পাইনি । সভাপতির গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।" এমনকি বোর্ড সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েনি বলতেও ভুললেন না,"আমাদের বিভিন্ন দল দেশের বাইরে যাচ্ছে। তাদের জন্য জিও (গভর্নমেন্ট অর্ডার) তো সরকারের কাছ থেকেই নিচ্ছি।" তবে ক্রীড়া উপদেষ্টা যখন বলেই ফেলেছেন বোর্ড ভেঙ্গে দেওয়ার কথা, তখন নিয়তি মেনে নেওয়ার মানসিক প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে কর্মকর্তাদের। মাহবুবের পাশে বসা যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুনের কথাতে সেটাই টের পাওয়া গেল,"ক্রিকেট বোর্ড একটা সরকারি ফেডারেশন। সরকারের সমর্থন ছাড়া কোনো সরকারি সংগঠনই টিকতে পারে না।"
তবে যতক্ষণ টিকে আছে ততক্ষণ কোনো কাজ বাধাগ্রস্ত হচ্ছে না --- এটা বোঝানোর মতো অনেক সিদ্ধান্তই হয়েছে শনিবারের বোর্ডসভায়। এই যেমন ৩১ জুলাই নির্বাচক কমিটির দুই সদস্য ফারুক আহমেদ এবং আতহার আলী খানের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। আফজালুর রহমান সিনহা, এএসএম ফারুক এবং মাহবুব আনামকে নিয়ে তিন সদস্যের একটা কমিটি করা হয়েছে যারা নতুন নির্বাচক কমিটির রূপরেখা সুপারিশ আকারে বোর্ডে জমা দেবেন। এক্ষেত্রে তারা মেয়াদ পুরো করতে যাওয়া সদস্যদের সঙ্গে যেমন আলাপ করবেন, তেমনি নতুন মুখেরও সন্ধান করবেন। আর নতুন নির্বাচক কমিটির আকার এবার বাড়তে পারে বলেও জানিয়েছেন মাহবুব। জাতীয় দলের জন্য কোচ নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া এ মাসের ২৭ কিংবা ২৮ তারিখ থেকে শুরু হবে বলেও আশাবাদী তারা। সংক্ষিপ্ত তালিকায় থাকা জন হার্মার, জেমি সিডন্স এবং ডেভিড হটনদের ওই সময় থেকেই বিসিবির সামনে তাদের 'প্রেজেন্টেশন' দেওয়ার জন্য একে একে আসতে শুরু করার কথা। একদফা বাড়ানোর পর জাতীয় দলের ফিজিও পল ক্লোজের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৮ আগস্ট। তার জায়গায় নতুন ফিজিও নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর নতুন ফিজিও নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটাও সারবে কোচ নির্বাচনের জন্য গঠিত কমিটিই। জাতীয় দলের স্পনসরশিপ ও টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুলদের স্পনসর এবং জাতীয় দলের পোশাকের (ইহসান স্পোর্টসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হচ্ছে ১৫ আগস্ট) নতুন চুক্তির জন্য অচিরেই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র ছাড়ারও সিদ্ধান্ত হয়েছে শনিবারের সভায়। সেই সঙ্গে বিভিন্ন শূন্যপদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে বিসিবি। ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত নাইরোবিতে স্বাগতিক কেনিয়া এবং পাকিস্তানের সঙ্গে একটা ত্রিদেশীয় টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের অংশ নেওয়ার ব্যাপারটাও নিশ্চিত হয়েছে এই সভায়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতে ফেরা মেয়েদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়ার সিদ্ধান্তও হয়েছে এই সভাতে। এবং এই সভায় গৃহীত হয়েছে কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করা সহ-সভাপতি গাজী গোলাম দস্তগীর এবং সদস্য কবীর আহমেদ ভূইয়ার পদত্যাগপত্রও। পরের জন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও দস্তগীর তার পদত্যাগপত্রে অনেক অভিযোগ এনেছেন এই বোর্ডের বিরুদ্ধে। সেটা নিয়ে সভায় আলোচনার ঝাঁঝটা বোঝা গেল মাহবুবের কথায়,"সভাপতি সাহেব দু'জনেরই পদত্যাগ গ্রহণ করেছেন। এবং পরবর্তী পদক্ষেপের জন্য এনএসসিতে (জাতীয় ক্রীড়া পরিষদে) পাঠাবেন। তবে গাজী সাহেব কিছু অভিযোগ করেছেন যেগুলোর ব্যাপারে কার্যনির্বাহী কমিটি একমত নয়। অনেক সিদ্ধান্তের ব্যাপারে তার সম্মতি বোর্ডের কার্যবিবরণীতে রক্ষিত আছে। সুতরাং তার অভিযোগগুলো নিন্দার সঙ্গে প্রত্যাখ্যান করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৫৭ঘ.
bdnews24