করাচি, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- একটু লজ্জাও কি পেলেন জাভেদ মিয়াদাঁদ! দু'দিনও যায়নি পাকিস্তানের সদ্য নিয়োগ পাওয়া কোচ জিওফ লসনের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন। সেই লসন যখন বন্ধুত্বের হাত বাড়ালেন, তা ফেরান কি করে! পাকিস্তান ক্রিকেটের 'বড়ে মিঁয়া' তাই রাজী হয়েছেন লসনকে সাহায্য করতে।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড লসনকে যখন আনুষ্ঠানিক কোচ হিসেবে ঘোষণা দিল, মিয়াদাঁদের প্রতিক্রিয়া ছিল তীব্র। একজন বিদেশী হিসেবে তার মাঝে 'পাকিস্তান প্রেমের ঘাটতি' থাকবে বলেই থেমে থাকেননি। মেধার বিচারে ডেভ হোয়াটমোরের চেয়ে লসন 'কম যোগ্য' বলেও ফোঁড়ন কেটেছেন।
লসনের পাল্টা প্রতিক্রিয়া ছিল ভব্য। তিনি তার সমালোচকদের সঙ্গে নিয়ে কাজ করতে চান বলে এক সাক্ষাতকারে জানান দেন। ১৯৮২ থেকে ১৯৮৪ সালের মধ্যে মিয়াদাঁদের বিপক্ষে ৮টি টেস্টে মুখোমুখি হয়েছেন লসন। জানিয়েছেন মিয়াদাঁদ হচ্ছেন একসঙ্গে কাজ করার জন্য আদর্শ ব্যক্তিত্ব। দ্য অস্ট্রেলিয়া পত্রিকায় দেওয়া ওই সাক্ষাতকারে লসন বলেছেন, "কোচিং দলের সদস্য হিসেবে আমি জাভেদকে চাইব। খেলোয়াড় হিসেবে সে ছিল দুর্দান্ত এবং একই সঙ্গে শক্ত মানসিকতার মানুষ। দলের মধ্যে এই মানসিকতার সঞ্চারটা জরুরি। দেখি আমি কথা বলে দেখব কয়েকজনের সঙ্গে, তারা কতটা অবদান রাখতে পারে জানার চেষ্টা করব। সমালোচনা এড়ানো যাবে না, কিন্তু সেটার ইতিবাচক প্রয়োগ করতে পারলেই ভালো।"
এই বাড়ানো হাত ফিরিয়ে দেননি মিয়াদাঁদ। 'দ্য নিউজ' পত্রিকায় এক সাক্ষাতকারে বলেছেন, "পাকিস্তানের ক্রিকেট আমাকে সবসময়ই পাশে পাবে।" একজন স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে বলেছেন, "এখনও এ নিয়ে কথা বলার সময় হয়নি। এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাইনি, ভবিষ্যতে যদি পাই তখন দেখা যাবে।" পাশাপাশি লসনের প্রস্তাবকে 'পিসিবির কিছু কর্মকর্তার গালে কড়া থাপ্পড়' হিসেবে দেখছেন মিয়াদাঁদ, যারা তার এতদিনকার অভিজ্ঞতাকে কোনো মূল্যায়ন করেনি।
তিন দফা পাকিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে বব উলমার তার জায়গা নেন। কথিত আছে দুজনে ব্যক্তিগত নৈশভোজেও মিলিত হয়েছেন। কিন্তু তারপর সম্পর্কটা শীতল হয়ে যায়। মিয়াদাঁদের আশা, "লসনের সঙ্গে তেমনটা হবে না।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩৪৫ঘ.
bdnews24