২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে জেতালেন আফতাব

এই ম্যাচটার হওয়া নিয়ে যেমন অনিশ্চয়তা ছিল, তেমনি দুই দফা ভেন্যু পরিবর্তনের পর মাঠে গড়ানো ম্যাচে বাংলাদেশের জয় একরকম অনিশ্চিতই হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ শ্রীলঙ্কান আমন্ত্রণমূলক একাদশের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৪১ রানের জবাবে এক পর্যায়ে ৯৬ রানে ৫ উইকেট খুইয়ে ফেলা হারের আশঙ্কাই জাগিয়েছিল বাংলাদেশ শিবিরে। সেখান থেকে তিন বল হাতে রেখে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে জেতানোর কৃতিত্ব আফতাব আহমেদের। প্রথমে মুশফিকুর রহিম এবং পরে ফরহাদ রেজাকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ জুটি গড়ার পাশাপাশি তার অপরাজিত ৯১ রানের সুবাদে জয়ের স্মৃতি নিয়ে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামতে পারছে মোহাম্মদ আশরাফুলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এই ম্যাচটার হওয়া নিয়ে যেমন অনিশ্চয়তা ছিল, তেমনি দুই দফা ভেন্যু পরিবর্তনের পর মাঠে গড়ানো ম্যাচে বাংলাদেশের জয় একরকম অনিশ্চিতই হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ শ্রীলঙ্কান আমন্ত্রণমূলক একাদশের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৪১ রানের জবাবে এক পর্যায়ে ৯৬ রানে ৫ উইকেট খুইয়ে ফেলা হারের আশঙ্কাই জাগিয়েছিল বাংলাদেশ শিবিরে। সেখান থেকে তিন বল হাতে রেখে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে জেতানোর কৃতিত্ব আফতাব আহমেদের। প্রথমে মুশফিকুর রহিম এবং পরে ফরহাদ রেজাকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ জুটি গড়ার পাশাপাশি তার অপরাজিত ৯১ রানের সুবাদে জয়ের স্মৃতি নিয়ে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামতে পারছে মোহাম্মদ আশরাফুলের দল। ম্যাচটা প্রথমে হওয়ার কথা ছিল কলম্বোর নন ডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে। সেখান থেকে সরিয়ে তা নেওয়া হয় কলম্বো কোল্টস ক্লাবে। কিন্তু মঙ্গলবার বিকেলে সেখানে গিয়ে বাংলাদেশ দল দেখে উইকেট পরের দিনের ম্যাচের জন্য একেবারেই অনুপযুক্ত। শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে পুলিশ পার্ক মাঠে। সেখানে টস জয়ী শ্রীলঙ্কান আমন্ত্রণমূলক একাদশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ বেশ কয়েকজন ক্রিকেটারও ছিলেন। ক্যান্ডিতে সিরিজের শেষ টেস্টে চামিন্ডা ভাসের অনুপস্থিতিতে খেলার সুযোগ পাওয়া পেসার সুজীবা ডি সিলভা, জাতীয় দল থেকে বাদ পড়া উপুল চন্দনারা যেমন ছিলেন, তেমনি ছিলেন শ্রীলঙ্কার হয়ে চারটি করে টেস্ট এবং ওয়ানডে খেলা পেসার নুয়ান কুলাসেকারাও। ওয়ানডে সিরিজের আগে এক মাত্র প্র্যাকটিস ম্যাচে বাঁহাতি পেসার সৈয়দ রাসেল (২/৩৭) এবং বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান (২/৪২) ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই তেমন সুবিধা করে উঠতে পারেননি। অন্য উইকেটটি পাওয়া ফরহাদ রেজা তার ৮ ওভারে খরচ করেছেন ৪২ রান। আর দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজা (১০-১-৫৭-০) এবং মোহাম্মদ রফিকের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের সেনাপতি আব্দুর রাজ্জাক (১০-১-৪১-০) ছিলেন উইকেটবিহীন। শ্রীলঙ্কার আমন্ত্রণমূলক একাদশের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন থারাঙ্গা পারানভিথানা। এছাড়া ফিফটি এসেছে ওপেনার এবং অধিনায়ক ইয়ান ড্যানিয়েলের (৫৮) ব্যাট থেকেও। ২৪১ রান তাড়া করতে নামা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায় শাহরিয়ার নাফীসের (০) উইকেটটি হারিয়ে। ক্যান্ডি টেস্টের শেষ ইনিংসে ৬৪ রান করে বাদ পড়েও ওয়ানডে স্কোয়াডে টিকে যাওয়া এই ওপেনার মুখোমুখি হওয়া প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে আসেন। তবে অন্য ওপেনার তামিম ইকবাল খেলছিলেন বেশ দায়িত্ব নিয়েই। ৬৯ বলে তার ৪৫ রানের ইনিংসটা অন্তত সে কথাই বলে। এই ইনিংসে ছিল নয়টি বাউন্ডারির মার। যা তার ব্যাটিংয়ে আক্রমণ আর রক্ষণের মিশেলটাও বোঝাচ্ছে। লাসিথ ফার্নান্ডোর বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে তার ইনিংসটা শেষ হওয়ার আগে-পরে তুষার ইমরান (৯), মোহাম্মদ আশরাফুল (৯) এবং সাকিব আল হাসানরাও (১৬) ব্যর্থ হওয়ায় আশঙ্কার মধ্যেই পড়ে যায় বাংলাদেশ। কিন্তু আফতাব আহমেদ বোধহয় দলকে জিতিয়ে মাঠ থেকে ফেরার পণ করেই নেমেছিলেন। এবং তা করেছেনও। প্রথমে মুশফিকুর রহিমকে (২৭) নিয়ে ষষ্ঠ উইকেটে যোগ করেছেন ৮১ রান। কুলাসেকারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মুশফিক আউট হওয়ার পর ৫৬ রানের আরেকটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপে আফতাব সঙ্গী হিসেবে পেয়েছেন ফরহাদ রেজাকে (২৬)। মাত্র ২৫ বলের ইনিংসে দুটো ছক্কা হাঁকিয়েছেন ফরহাদ। সুজীবা ডি সিলভার বলে অধিনায়কের মতোই উইকেটকিপারের গ্লাভসবন্দী হয়ে ফরহাদ ফিরে যাওয়ার সময় জয় থেকে মাত্র ৯ রানের দূরত্বে ছিল বাংলাদেশ। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার বাকি কাজটা সারতে কোনো সমস্যাই হয়নি ৯১ রানে অপরাজিত থাকা আফতাবের। তার ৯১ বলের ইনিংসটাতে দুটো ছক্কার পাশাপাশি বাউন্ডারির মার চারটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১১ঘ.