ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কায় কয়েকদিনের ভেতরই শুরু হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতা। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে কলম্বোয় স্বাগতিক দলের সঙ্গে মঙ্গলবার একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। এই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা এক উইকেটে হেরে গেছে।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৪ দশমিক ১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৪২ রান করেন নাসির হোসেন। এছাড়া উল্লেখযোগ্য স্কোর আরিফুল হক (৪০), হামিদুল ইসলাম হিমেল (৩৮) এবং আশরাফুল আজিজের (২২)। জবাবে মাত্র ৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় শ্রীলঙ্কান তরুণরা। তাই বিফলে গেছে আরিফুলের অলরাউন্ড নৈপুণ্য। ব্যাটিংয়ে ৪০ রানের পর বোলিংয়েও দলের সেরা তিনি। তার শিকার ৩ উইকেট। এছাড়া দুটো করে উইকেট নিয়েছেন শুভাশিস রায় এবং শাকিল। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে দুটো তিনদিনের ম্যাচ খেলেছে মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। এর প্রথমটাতে ড্র করলেও শেষটাতে তারা হেরেছে ৬ উইকেটে। এই ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যাবে মালয়েশিয়া সফরে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০২ঘ.
bdnews24