২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু ওয়ানডেতে শ্রীলঙ্কাকে চাপে ফেলা সম্ভব মনে করেন আাশরাফুল

টেস্ট ক্রিকেটে না হয় শ্রীলঙ্কা একদম ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ওয়ানডেতে বিষয়টা সেরকম নয় বাংলাদেশের জন্য। বরং এখানে পরাক্রমশালী শ্রীলঙ্কাও একবার হার মেনেছে বাংলাদেশের কাছে। ২০০৬ সালের ফেব্র"য়ারিতে বগুড়ায় মাহেলা জয়াবর্ধনের দলকে হারানোতেই শুধু থেমে থাকেনি সব। গত কয়েক বছরে বড়ো দলগুলোর বিপক্ষে জেতার আরো সোনালী স্মৃতি যেমন আছে মোহাম্মদ আশরাফুলদের, তেমনি আছে ওয়ানডেতে নিয়মিত জেতার অভিজ্ঞতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ক্রিকেটে না হয় শ্রীলঙ্কা একদম ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ওয়ানডেতে বিষয়টা সেরকম নয় বাংলাদেশের জন্য। বরং এখানে পরাক্রমশালী শ্রীলঙ্কাও একবার হার মেনেছে বাংলাদেশের কাছে। ২০০৬ সালের ফেব্র"য়ারিতে বগুড়ায় মাহেলা জয়াবর্ধনের দলকে হারানোতেই শুধু থেমে থাকেনি সব। গত কয়েক বছরে বড়ো দলগুলোর বিপক্ষে জেতার আরো সোনালী স্মৃতি যেমন আছে মোহাম্মদ আশরাফুলদের, তেমনি আছে ওয়ানডেতে নিয়মিত জেতার অভিজ্ঞতাও। তাই সামনেই যখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তখন টেস্ট সিরিজের দুঃস্বপ্ন ভোলায় অনুঘটক হয়ে দাঁড়াচ্ছে গত কয়েক বছরের ওয়ানডে পারফরম্যান্সই। অন্তত এই ধারার ক্রিকেটে তো আর বাংলাদেশের কাছে 'অজেয়' হয়ে থাকছে না শ্রীলঙ্কা। ক্যান্ডিতে টানা তৃতীয় ইনিংস হারের পরও আশরাফুলকে তাই বলতে শোনা গেছে,"ওয়ানডেতে আমরা ভিন্ন দল।" সেই ভিন্নতার কথা সারা বিশ্বকে জানানো হয়ে গেছে বিশ্বকাপের সুপার সিক্সে উঠেই। এবার শ্রীলঙ্কাতেও ওয়ানডে সিরিজে সেরকমই কিছু করে দেখানোর দাবি তো বাংলাদেশ দলের কাছে থাকছেই। অধিনায়ককেও সেই দাবি মেটানোর ব্যাপারে যথেষ্ট সচেতন বলেই মনে হলো,"গত দুই মৌসুমে আমরা বড়ো দলগুলোকে হারিয়েছি তো বটেই। আবার ওয়ানডেতে ধারাবহিকভাবে জয়ের দেখাও পেয়েছি। এটাও দেখেছি যে, যদি আমরা নিজেদের মেলে ধরতে পারি এবং লক্ষ্যে অবিচল থাকি তাহলে যেকোনো প্রতিপক্ষকেই চাপে ফেলা সম্ভব।" টেস্ট সিরিজে না পারলেও এবার ওয়ানডেতে শ্রীলঙ্কাকে চেপে ধরার লক্ষ্যের কথা এরপর না বললেও চলছে। সেই লক্ষ্য নিয়েই সোমবার বিকেলে ২০ জুলাই প্রথম ওয়ানডের ভেন্যু কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে প্রথম প্র্যাকটিসে নেমেছে বাংলাদেশের ওয়ানডে দল। রোববার সকালে কলম্বোতে দলের সঙ্গী হওয়া 'ওয়ানডে খেলোয়াড়' আফতাব আহমেদ, তামিম ইকবাল, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদরা এদিনই প্রথম দলের সঙ্গে প্র্যাকটিসে নামলেন। আর টানা ৮০ মিনিটের প্র্যাকটিস সেশনের পুরোটাই ছিল ফিল্ডিংময়। ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত এই সেশনটায় কী ছিল না! শর্ট ফিল্ডিং, শর্ট রিফ্লেক্স ক্যাচিং, হাই ক্যাচিং, ডিসটেন্স ফিল্ডিং এবং থ্রোয়িং --- মোটকথা ফিল্ডিংয়ের এক 'কমপ্লিট প্যাকেজ'। প্র্যাকটিস শেষে অধিনায়কের আলাদা করে ফিল্ডিংয়ের কথা বলার কারণ, গত কয়েক বছরে ওয়ানডেতে দল হিসেবে বাংলাদেশের ভিন্নতায় অবদান রেখেছে এক্ষেত্রে উন্নতিও,"ফিল্ডিংটা ক্রিকেটের এমন একটা ক্ষেত্র, যেখানটাতে আপনি দ্রুত উন্নতি করতে পারেন। যদি আপনি কঠোর অনুশীলন করেন। গত বিশ্বকাপে ফিল্ডিংয়ের একটা মান আমরা নির্ধারণ করেছি। সেটাই ধরে রেখে চেষ্টা করতে হবে যাতে আরো উন্নতি করা যায়।" ফিল্ডিং প্র্যাকটিস শেষে ফুটবল নিয়েও মেত ওঠার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু হালকা বৃষ্টি পি সারার মাঠকে পিচ্ছিল করে দেওয়ায় তা আর হয় নি। মঙ্গলবার বিকেলে এই মাঠেই নেট প্র্যাকটিস করবেন আশরাফুলরা। পরদিন কলম্বোর ননডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যাতে শ্রীলঙ্কার একাডেমী দলই হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষ। এই ম্যাচে পুরো শক্তির দল নিয়েই নামার পক্ষপাতী বাংলাদেশ শিবির। কারণটা অধিনায়কই ব্যাখ্যা করছেন,"প্রথম ওয়ানডের টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই আমরা এই ম্যাচে নামবো। তার মানে সম্ভবত পুরো শক্তির দলই মাঠে নামাবো আমরা।" টাইগারক্রিকেট ডটকম এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.