ক্যান্ডি, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ক্যান্ডি তার নিজের শহর, আসগিরিয়া স্টেডিয়াম নিজের মাঠ। আর নিজের উঠোনে প্রিয়মুখদের সামনে ইতিহাস গড়ার অনুভূতিই আলাদা। মুত্তিয়া মুরালিধরন সেই অপার্থিব আনন্দেই ভাসলেন। টেস্ট ক্রিকেটে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন শ্রীলঙ্কান এই অফ স্পিনার। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ড থেকে আর মাত্র ৮ উইকেট পেছনে তিনি। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই দু টেস্টের সিরিজে রেকর্ডটি নিজের করে নেয়ার স্বপ্নে এখন বিভোর হতেই পারেন মুরালি। আফসোস বলতে অবসর নিয়ে ফেলা ওয়ার্ন আর খেলবেন না তার বিপক্ষে।
ক্যান্ডি টেস্টে ৮২ রান খরচায় ১২ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে ৬টি। সুবাদেই ১৭৬ রানে অলআউট বাংলাদেশ। শ্রীলঙ্কা টেস্ট জিতেছে ইনিংস ও ১৯৩ রানের ব্যবধানে। সিরিজের তিন টেস্টেই ইনিংস ব্যবধানে জিতল স্বাগতিকরা। কলম্বোয় প্রথম দু টেস্টে ব্যবধান ছিল ইনিংস ও ২৩৪ রান এবং ইনিংস ও ৯০ রানের। সিরিজে ২৬টি উইকেট পেয়েছেন মুরালি। ক্যারিয়ারে ২০তম বারের জন্য ম্যাচে ১০ উইকেট বা তার বেশি নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
ব্যাটিং রেকর্ডের কথা মাথায় ছিল না মাহেলা জয়াবর্ধনের। কুমার সাঙ্গাকারা একটা বিশ্ব রেকর্ডের সুযোগ নেবেন কিনা এই নিয়ে তৃতীয় দিন শেষে চলা বিতর্কে তাই জল ঢেলে দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ সিরিজে এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছে। সে ধারাবাহিকতাতেই দারুণ শুরু করেছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর ও শাহরিয়ার নাফীস। ৪৭ রানের এই জুটি ভেঙেছেন লাসিথ মালিঙ্গা। সিরিজের তিন টেস্টেই প্রথম ইনিংসে ৮ রান করে করা জাভেদ আউট হয়েছেন ২২ রানে। স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি সাঙ্গাকারাকে। ফর্মহীনতায় ভুগতে থাকা সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে সঙ্গী করে এরপর খানিকটা প্রতিরোধ গড়েন নাফীস। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েছেন দুজন। হাবিবুলকে (১৫) বোল্ড করে ৭০০ ছোঁয়ার অভিযাত্রায় প্রথম পদক্ষেপটি দেন মুরালি।
২ উইকেটে ১০৬ রান-- লাঞ্চ পর্যন্ত তারপরও ভালো বলা যায় বাংলাদেশের স্কোরকে। কে তখন জানত আর ৭০ রানেই পড়ে যাবে বাকি ৮ উইকেট, এর মধ্যে প্রথম চারটিই পড়েছে মাত্র ১৯ রানে। লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই শাহরিয়ার নাফীসকে আউট করে শুরু করেন মুরালি। তার আগে অবশ্য ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি পুরো করেছেন এই বাঁহাতি ওপেনার, ৭১ বলে ৮টি বাউন্ডারিতে। ৬৪ রানের মাথায় মুরালির বলে দ্বিতীয় স্লিপে মাহেলাকে ক্যাচ দেন নাফীস। বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে এলবিডব্লু করে টপ অর্ডারের মেরুদন্ড ভেঙে দেয়ার কাজটি সারেন মুরালি। ৩২ বলে ১৫ রান করেছেন আশরাফুল।
এরপর ধ্বংসযজ্ঞে যোগ দেন সুজীবা ডি সিলভা। তিন বলের ব্যবধানে তিনি প্যাভিলিয়নে পাঠান মুশফিকুর রহিম ও রাজিন সালেহকে। পয়েন্টে উপুল থারাঙ্গার তালুবন্দী হয়েছেন মুশফিক (১)। রানের খাতা না খোলা রাজিন ক্যাচ দিয়েছেন মাহেলাকে। মুরালিকে তুলে মারতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা (৮) আউট হয়েছেন এরপর। একরান পরই তার অনুগামী হন তুষার ইমরান। স্লিপে মাহেলার হাতে ক্যাচ হওয়ার আগে ১৭ রান করেছেন এ টেস্ট খেলতে বাংলাদেশ থেকে উড়ে যাওয়া তুষার। তার উইকেট নিয়েছেন মালিঙ্গা। এরপর গোটা মাঠ জুড়ে ফিসফাস, উত্তেজনা- ৭০০ হবে তো মুরালির! অন্যথা হয়নি শেষ পর্যন্ত। বাংলাদেশের দুই বোলার শাহাদত হোসেন ও সৈয়দ রাসেলকে আউট করে স্বপ্ন পুরো করেছেন মুরালি। শাহাদত (৫) বোল্ড হয়েছেন, ফারভিজ মাহারুফকে ক্যাচ দিয়ে মুরালিকে আনন্দে ভাসিয়েছেন রাসেল (৪)।
অসাধারণ এই কীর্তির সুবাদে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ, দুটো পুরষ্কারই পেয়েছেন মুরালি। দুটো ডাবল সেঞ্চুরি সহ সিরিজে ৪২৭ রান করেও তাতে ভাগ বসাতে পারেননি কুমার সাঙ্গাকারা। তাতে হতাশ হলেও কিছু করার নেই। কারণ সিরিজটা যে মুরালিরই, আর কারো নয়!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭০০ ঘ.
bdnews24