করাচি, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অনেকেই ভেবেছিলেন তার ক্যারিয়ার শেষ। দীর্ঘ সময় হাঁটুর ইনজুরিতে ভুগেছেন সাকলায়েন মুশতাক। তা থেকে সেরে উঠে জাতীয় দলে ফের খেলতে পারবেন বলে বাজি ধরতে রাজি ছিলেন না কেউ। কিন্তু পাকিস্তানের পক্ষে নাই বা হলো, সম্ভাবনা জেগেছে ইংল্যান্ডের হয়ে খেলার! বিয়ে সূত্রে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন সাকলায়েন। হাতে এসেছে মেরুনরঙা ব্রিটিশ পাসপোর্ট। এবং সব ঠিকঠাক থাকলে, আসছে সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতাও অর্জন করবেন পাকিস্তানের এই অফ স্পিনার।
সম্ভাবনাটায় ভীষণ রকম উদ্বেল সাকলায়েন। কদিন আগেই সাসেক্সের হয়ে খেললেন সফররত ভারতের বিপক্ষে। ৩৫ ওভার বল করেছেন, নিয়েছেন ৪ উইকেট। এই ভারতের বিপক্ষেই পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্টটি খেলেছেন ২০০৪ সালের এপ্রিলে। তারপর ইনজুরিতে আর নামই শোনা যায়নি তার। ইংল্যান্ডের নাগরিকত্ব ও সে সুবাদে জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করে স্বাভাবিকভাবেই খুশী হয়েছেন খুব। বলেছেন, "ইংল্যান্ডের পক্ষেও খেলতে পারার সম্ভাবনায় আমি খুবই রোমাঞ্চিত। কিন্তু এ মৌসুমে যদি সফলভাবে খেলায় ফিরতে পারি, তাহলেই এটা নিয়ে ভাবব। অনেকেই বলছেন, জোর করছেন যাতে আমি ইংল্যান্ডের হয়ে খেলি। কিন্তু কোনো ধরনের ফিটনেস সমস্যা ছাড়া আমি একটা ভালো মৌসুম কাটাতে চাই আগে।"
মোটের ওপর সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করার নীতি নিয়েছেন সাকলায়েন। তার মতে, "আগে তো মৌসুমটা শেষ করি। তারপর দেখব কে আমাকে খেলাতে চায়, আর তখনই ঠিক করব কোনটা আমার জন্য ভালো হবে। কিন্তু পাকিস্তানের হয়ে খেলাটা সবসময়ই আমার কাছে সম্মাণজনক মনে হয়েছে।" বলছেন বটে, কিন্তু অভিমানী সাকলায়েন পাকিস
bdnews24