ঢাকা, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামের প্র্যাকটিস উইকেটে ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। মাশরাফি বিন মর্তুজার লাফিয়ে ওঠা বলে কব্জিতে সামান্য চোট পেতে হয়েছে তুষার ইমরানকে। মোহাম্মদ আশরাফূলের ডেপুটির নতুন বলের সঙ্গী শাহাদাত হোসেনও কম যাননি। সোমবার নেটে এই দুই পেসারের বল মুশফিকুর রহিমসহ আরো কয়েকজন ব্যাটসম্যানেরও শরীরে ধেয়ে গেছে। বুধবার থেকে আসগিরিয়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট হবে যে উইকেটে, তার আচরণ প্র্যাকটিস উইকেটের মতো বলেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাই শেষ টেস্টে ভালো কিছু করে প্রথম দুই ম্যাচের দুঃখ ভোলার জন্য যে রণ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ শিবির, তাতেও পরিবর্তন আনা হয়েছে খানিকটা। মোহাম্মদ শরীফের জায়গায় শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল। আর তুষার ইমরানকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হচ্ছে আগের টেস্টেই অভিষিক্ত মেহরাব হোসেন জুনিয়রকে।
অবশ্য কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার পরও পরিকল্পনাটা এমন ছিল না বাংলাদেশ দলের। ঢাকা থেকে উড়ে যাওয়ার সময়ই তুষারের শেষ টেস্টের একাদশে জায়গা পাওয়া নিশ্চিত ছিল। তাকে জায়গা দিতে বাদ পড়ছেন কে? - এ প্রশ্নের উত্তরও ঠিক করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সবাই মোটামুটি একমত ছিলেন যে এই টেস্টে বাংলাদেশ নামবে দুই পেসার নিয়ে। কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় পেসার হিসেবে নেমে যাচ্ছেতাই বোলিং করা মোহাম্মদ শরীফের নামটা কেটে তুষারের নাম লিখে ফেলা হয়েছিল তখন। কিন্তু আসগিরিয়া স্টেডিয়ামের উইকেটে বাড়তি বাউন্স থাকছে জেনে তিনজন পেসার নিয়ে নামার ভাবনাটা আবার ফিরে আসে বাংলাদেশ দলে। তাতে অবশ্য শরীফের জন্য কোনো 'লাইফলাইন' নেই। তার জায়গায় এবার তৃতীয় পেসারের ভূমিকায় দেখা যাচ্ছে সৈয়দ রাসেলকে। তুষারও থাকছেন একাদশে। কিন্তু তাকে জায়গা দিতে কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে। সেটা শাহরিয়ার নাফীস নাকি মেহরাব হোসেন জুনিয়র? কেউ কেউ অভিষেকে দুই ইনিংসে ৬ ও ৮ রান করা মেহরাবকে সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। আর সেটা জাভেদ ওমরের ওপেনিং পার্টনার হিসেবে। আবার শ্রীলঙ্কা সফরেই এক ইনিংসে রানে ফেরার ইঙ্গিত দেওয়া নাফীসের পক্ষেও মত থাকার সবচেয়ে বড়ো যুক্তি ছিল তার অভিজ্ঞতা। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে নাফীসের ওপরই।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাফীসের আউট হওয়ার ধরন দৃষ্টিকটু লাগলেও বাংলাদেশ অধিনায়ক অবস্থান নিচ্ছেন তার পক্ষেই,"অনেকভাবেই তো আউট হয় ব্যাটসম্যানরা। ক্রিকেটটা এমনই। ওই আউটটা নিয়ে আমরা তার (নাফীস) তার সঙ্গে কথাও বলেছি। সে খুব ভালো টাচে আছে বলেই মনে হচ্ছে আমার। যদিও সেটা পারফরম্যান্সে অনূদিত হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, যখনই ওপেনাররা আমাদের ভালো শুরু দিয়েছে, তখনই আমরা ভালো সংগ্রহ দাঁড় করিয়েছি।" আশরাফুলের কথার যুক্তি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে এবার শ্রীলঙ্কাতে বাংলাদেশের দুঃস্বপ্নের দুটো টেস্টের দ্বিতীয় ইনিংস। প্রথম টেস্টে ৮৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানের ভিত্তি দিয়েছিল ৮৬ রানের ওপেনিং পার্টনারশিপ। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানের লজ্জার পর জাভেদ ওমর - শাহরিয়ার নাফীস জুটি দিয়েছিল ৪৮ রান। আশরাফুলের চতুর্থ টেস্ট সেঞ্চুরিধন্য বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পৌছেছিল ২৯৯ রানে।
তাই বলে প্রথম ইনিংসে লুটিয়ে পড়ার ব্যাপারটা ভুলে যাচ্ছেন না আশরাফুল। বরং ক্যান্ডি টেস্টকে দেখছেন সেই ধারা থেকে বেরুনোর শেষ সুযোগ হিসেবে,"এখন পর্যন্ত যে আমরা শ্রীলঙ্কায় ব্যর্থ তার কারণ প্রথম ইনিংসের ব্যাটিং। নিজেদের সামর্থ্য দেখানোর এটাই তাই শেষ সুযোগ।"
কিন্তু শ্রীলঙ্কা যে আবারো বাংলাদেশকে দুমড়ে - মুচড়ে ফেলার জন্য মুখিয়ে আছে! তাছাড়া নিজেদের টেস্ট ইতিহাসের পঞ্চাশতম জয় উদযাপনের উপলক্ষও শ্রীলঙ্কানদের এনে দিতে পারে ক্যান্ডি টেস্ট। টেস্টটা জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশই করতে চাইবেন মাহেলা জয়াবর্ধনে, এটাই স্বাভাবিক। শ্রীলঙ্কান অধিনায়ক বলছেন,"হোয়াইটওয়াশের দিকেই কেবল তাকিয়ে আছি আমরা। গত দুই সপ্তাহে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। এবং আমরা ২ - ০ তে এগিয়ে আছি। এই পর্যায়ে এসে আমরা কোনো ধাক্কা খেতে চাই না।"
ক্যান্ডি টেস্টে অবশ্য বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারে চামিন্ডা ভাস এতে খেলছেন না বলে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় কাউন্টি দল মিডলসেক্সের হয়ে খেলতে আগেভাগেই ইংল্যান্ডে পাড়ি জমানোর অনুমতি পেয়ে গেছেন তিনি। ইতিমধ্যে সেখানে চলেও গেছেন ভাস। এই টেস্টে তার শুন্যস্থান পূরণ করছেন অলরাউন্ডার ফারভিজ মাহরুফ। মাহেলা জয়াবর্ধনে তা নিশ্চিতও করে দিয়েছেন,"আমাদের লাইন আপের পরবর্তী সেরা মাহরুফই। জায়গাটা ওর প্রাপ্য।"
কিন্তু মাত্র একটা টেস্ট খেলেই বাদ পড়াটা কী মেহরাবের প্রাপ্য ছিল? অধিনায়ক আশরাফুল জবাব দিলেন এভাবে,"আমি মানছি যে মাত্র একটা ম্যাচ খেলানোর পর মেহরাবের মতো কাউকে ড্রপ করাটা কঠিন। কিন্তু ওকে আসলে দলে স্পেশালিস্ট ওপেনার হিসেবেই নেওয়া হয়েছিল। পরিস্থিতি দাবি করায় গত টেস্টে তাকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলতে হয়েছে।" সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন,"এখন আমাদের তুষার আছে, যে কিনা জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান। স
bdnews24