২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে

প্রথম দুই টেস্টে ইনিংস ব্যবধানে জেতার সঙ্গে সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে তাদের। বাংলাদেশের বিপক্ষে বুধবার থেকে ক্যান্ডিতে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তাই দলে পরিবর্তন আনতে চাইছে শ্রীলঙ্কা। অন্তত দুটো পরিবর্তন যে আসছেই, তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কথায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

কলম্বো, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম দুই টেস্টে ইনিংস ব্যবধানে জেতার সঙ্গে সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে তাদের। বাংলাদেশের বিপক্ষে বুধবার থেকে ক্যান্ডিতে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে তাই দলে পরিবর্তন আনতে চাইছে শ্রীলঙ্কা। অন্তত দুটো পরিবর্তন যে আসছেই, তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কথায়। দ্বিতীয় টেস্ট শেষে ইংলিশ কাউন্টি মিডলসেক্সের হয়ে খেলার জন্য ইংল্যান্ডে ফিরে গেছেন চামিন্ডা ভাস। ক্যান্ডিতে তার জায়গায় ফারভিজ মাহরুফের খেলা প্রায় নিশ্চিত। নেটে মাহরুফের বোলিং দেখে মুগ্ধ জয়াবর্ধনের মন্তব্য,"নেটে ফারভিজ সত্যিই খুব ভাল বল করছে। এই সিরিজে এখনো না খেলতে পারা তার জন্য দুর্ভাগ্যজনকই। তবে ক্যান্ডিতে তার খেলার ভাল সম্ভাবনা আছে।" পেস বোলিং আক্রমণে আরো একটা পরিবর্তন আসতে পারে। লাসিথ মালিঙ্গা ও দিলহারা ফার্নান্দোর মধ্যে এক জনকে এই টেস্টে বিশ্রাম দেয়ার চিন্তা-ভাবনা করছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। তবে কাকে বিশ্রাম দেয়া হবে তা নিয়ে এখনো দ্বিধায় আছেন জয়াবর্ধনে,"লাসিথ মালিঙ্গা ও দিলহারা ফার্নান্দোর মধ্যে কাকে বিশ্রাম দেবো সে সম্পর্কে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।" মালিঙ্গা কিংবা ফার্নান্দো প্রথম একাদশে না থাকলে সজিবা ডিসিলভার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের বিপক্ষেই ৫ বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ওপেনার নিয়ে শ্রীলঙ্কার সমস্যাটা আরো মধুর! টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে নেটে মালিঙ্গার বলে পায়ে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল উপুল থারাঙ্গাকে। এখন তিনি সুস্থ। কিন্তু দুই ওপেনার মাইকেল ভ্যানডর্ট ও মালিন্দা ওয়ার্নাপুরার মধ্যে থেকে কাকে বাদ দেয়া হবে তা নিয়ে শ্রীলঙ্কাকে ভুগতে হচ্ছে সিদ্ধান্তহীনতায়। কারণ ভ্যানডর্ট প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন, আর দ্বিতীয় টেস্টে ওয়ার্নাপুরা খেলেছেন ৮২ রানের এক দারুণ ইনিংস। জয়াবর্ধনেও তাই এই সমস্যা নিয়ে কিছুটা বিব্রত,"উপুলকে দলে পাওয়া যাবে এখন। কিন্তু সেজন্য কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ মাইকেল (ভ্যানডর্ট) ও মালিন্দা (ওয়ার্নাপুরা) দু জনই ওপেনার হিসাবে প্রথম দুই টেস্টে ভাল খেলেছে।" মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে এ ধরনের কোনো সমস্যা নেই। সর্বকালের সেরা অফস্পিনার তার 'হোমগ্রাউন্ডে' খেলছেন। শুধু খেলছেনই না, দারুণ এক অর্জনও এখন হাতছানি দিচ্ছে মুরালিকে। আর ১২টি উইকেট পেলেই শেন ওয়ার্নের পর দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে মুরালির যা পারফরম্যান্স তাতে করে এই অর্জন ক্যান্ডিতেই হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫০ঘ.