মাসুদ পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বছর দশেক আগের কথা। কলাবাগান ক্লাব মাঠে গাজী ট্যাংক সিক্স - এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে আবাহনী - সূর্যতরুণ ম্যাচটা তখন 'নিরামিষ' সমাপ্তির অপেক্ষায়। কারণ জিততে হলে শেষ ওভারে সূর্যতরুণকে করতে হবে ৪০ রান। তারওপর বোলার তখনকার বাংলাদেশ ক্রিকেটের সেরা অফস্পিনার নাঈমুর রহমান। তবু ম্যাচটাকে শ্বাসরুদ্ধকর বানিয়ে ছাড়লেন সূর্যতরুণ ব্যাটসম্যান চঞ্চল। ওই ওভারে পাঁচটি ছক্কা ও এক বাউন্ডারিতে তুললেন ৩৪ রান! যা বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের ক্রিকেট জীবনের সেরা ঠ্যাঙ্গানি খাওয়ার অভিজ্ঞতা হয়ে আছে! ক্যারিয়ারে ওরকম দর্শক বিনোদনের অফুরন্ত খোরাক জুগিয়ে আসা ব্যাটসম্যানটির কথা ভেবে এখন আফসোসই হচ্ছে নাঈমুরের,"ছেলেটা যদি এখন থাকতো!"
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলামেরও যেমন আক্ষেপ আছে ইমরান হামিদ পার্থকে নিয়ে,"দেশে কিংবা দেশের বাইরে সিক্স - এ - সাইড খেলার ডাক পড়লেই আমরা পার্থকে ধরে - বেঁধে নিয়ে যেতাম। ওর মতোই ধুন্ধুমার ব্যাটিং করতে জানা আরেকজনের কথা মনে আছে আমার। তার নাম কায়সার। এখন তিনি বুয়েটের টিচার।" মারমুখী ব্যাটিংয়ের জন্যই প্রধান নির্বাচক ফারুক আহমেদের মনে এখনো দাগ কেটে রাখা আছে ওয়াহিদ ও তুহীন নামের আরো দুই ক্রিকেটারের। যারা ফারুকের ভাষায়,'এন্টারটেইনার'। জাতীয় দলের চৌহদ্দিতেও কখনো ঢুকতে না পারা সেইসব ক্রিকেটারদের কদর তখন না থাকলেও এখন আছে। দর্শক তুষ্টির জন্য শুধুই ধুমধাড়াক্কা ব্যাটিং ভাবনায় বুঁদ হয়ে থাকা ব্যাটসম্যানদের জন্য যে টুয়েন্টি - টুয়েন্টি ক্রিকেট এসে গেছে! সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসছে এধরনের ক্রিকেটের প্রথম বিশ্বকাপের আসরও। নাঈমুর আর আমিনুলদের আফসোসের কারণটা এবার নিশ্চয়ই ধরতে পারছেন। নিজেদের বিধ্বংসী ব্যাটিং প্রতিভার সুবাদে চঞ্চল - পার্থরা এখন টুয়েন্টি - টুয়েন্টির জাতীয় দলে খেলার সুযোগ অন্তত পেতেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটও পেত অনাবি
bdnews24