ক্যান্ডি, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ক্যান্ডির হোটেল রুমে বাঁদরের সাদর অভ্যর্থনা পেয়েছেন মোহাম্মদ রফিক! বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের ওপর সদলে হামলা চালিয়েছিল তারা। সেটা একটা সাধারণ দুর্ঘটনা হিসেবেই মানছেন তিনি। মানতে পারছেন না শ্রীলঙ্কা সফরে তার পারফরম্যান্স। এ পর্যন্ত সিরিজে দু টেস্টে বলার মতো কিছুই করতে পারেননি বাংলাদেশের বোলিং আক্রমণের এই অন্যতম সেরা অস্ত্র। প্রথম টেস্টে ১৩৮ রান খরচায় ১ উইকেট। দ্বিতীয় টেস্টে কোনো উইকেটই নেই। শততম শিকার থেকে মাত্র ৬টি উইকেট দূরে দাঁড়িয়ে এই বঞ্চনা একদম অসহ্য ঠেকছে রফিকের। বলেছেন, "এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে এটাই আমার সবচেয়ে বাজে পারফরম্যান্স। গত টেস্টে ৩৫ ওভার বল করেও কোনো উইকেট পাইনি।"
আগামী ১১ জুলাই থেকে ক্যান্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দুদল। কিন্তু এখানেও অবস্থার তেমন উন্নতি হবে বলে মনে করেন না রফিক। কারণ ঐতিহ্যগতভাবেই ক্যান্ডির উইকেট সিমারদের বন্ধু। একরকম আত্মসমর্পনের সুরেই বলেছেন, "মুরালিধরন তো কাঁচের ওপরও বল ঘুরাতে পারে। তাই কন্ডিশন ওর কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মতো বোলারদের জন্য উইকেট থেকে কিছুটা সাহায্য লাগেই যা প্রথম দু টেস্টে পাইনি। এখানেও পাব বলে মনে হচ্ছে না।"
তবে সিরিজে বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতাই দলের বিপর্যয়ের জন্য বেশি দায়ী বলে মনে করেন বড় রফিক। তার ভাষ্য, "যদি আমাদের ব্যাটসম্যানরা কমপক্ষে ৩০০ রান করতে পারত, তাহলে বোলারদের জন্য ব্যাপারটা অন্যরকম হতো। আসলে দুটো ম্যাচেই প্রথম ইনিংসে আমাদের বাজে সংগ্রহের কারণে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বোলারদের খুবই নির্ভারভাবে খেলতে পেরেছে। আরেকটা কারণ হতে পারে গত বছর আমাদের বেশি বেশি ওয়ানডে খেলা। টেস্ট ক্রিকেটের আমাদের মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক করতে খুব খাটতে হবে।"
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু তাতে অংশ নিচ্ছেন না রফিক। পারিবারিক কারণে নিজেকে সিরিজ থেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭২৫ঘ.
bdnews24